রাতে ঘুমানোর আগে চুল বাঁধছেন তো?
ODD বাংলা ডেস্ক: ত্বকের প্রতি আমরা অনেক বেশি যত্নশীল হলেও অনেক সময় চুলের বেলায় তা করি না। সারা দিনের ব্যস্ততায় চুলের যত্ন নেওয়ার তেমন কোনো সময় বের করতে পারি না। দিনশেষে দেখা যায় অতিরিক্ত দূষণের কারণে চুল রুক্ষ ও অনুজ্জ্বল হয়ে গেছে। বিশেষ করে শীতকালে এ সমস্যা বেশি হয়।
ঘুমানোর আগে অনেকেই নিয়ম করে মুখ ধুয়ে নাইট ক্রিম মাখেন; কিন্তু চুলের পেছনে কয়জন সময় দেন? স্বাস্থ্যোজ্জ্বল ও ঝলমলে চুলের জন্য ঘুমানোর আগে কিছুটা সময় অবশ্যই রাখতে হবে চুলের যত্নে।
ঘুমোনোর আগে কিভাবে চুলের যত্ন নেবেন?
১. চুলের যত্নে তেল কতটা উপকারী সেটা কারো অজানা নয়। তেলকে বলা হয় চুলের প্রাণ। চুলের প্রয়োজনীয় পুষ্টি জোগায় তেল। রাতে ঘুমানোর আগে আপনার পছন্দের যেকোনো তেল মাথায় লাগাতে পারেন। প্রয়োজনে হালকা গরম করে নিয়ে কয়েক মিনিট ধরে মাথায় ম্যাসাজ করুন। রাতে তেল দিলে চুলের গোড়া মজবুত হয়।
২. চুল খুলে নয় বেঁধে ঘুমানোর অভ্যাস করুন। এতে চুলে জট পড়ার সম্ভাবনা কম থাকে। চুলের জট ছাড়াতে এ ক্ষেত্রে তেলের পরিবর্তে সিরামও ব্যবহার করতে পারেন।
৩. বালিশে মাথা রেখে ঘুমানোর আগে মাথায় একটা পাতলা সুতির বা সিল্কের কাপড় বেঁধে নিতে পারেন। তাতে চুলে গোড়া আলগা হয় না আর চুল পড়াও কমে। চুলে বিনুনি করে কাপড় জড়িয়ে নিলে সবচেয়ে ভালো হয়।
৪. কর্মব্যস্তার মাঝে অনেকেই নিয়ম করে চুলে শ্যাম্পুও করেন না। এতে মাথার ত্বকে ময়লা জমে খুশকি, চুল পড়ার মতো সমস্যা দেখা দেয়। চেষ্টা করুন প্রতিদিন চুল ধুতে।
৫. ভেজা চুল নিয়ে কখনো শুতে যাবেন না। এর কারণে চুলে ফাটল ধরে। এ ক্ষেত্রে হেয়ার ড্রায়ার ব্যবহার করে বা হালকা রোদে চুল শুকিয়ে নিতে পারেন।
৬. ঘুমানোর আগে মুখে ক্রিম মাখার পাশাপাশি চুল আঁচড়াতে ভুলবেন না। এই কাজটি চুল সুস্থ রাখে এবং যেকোনো সমস্যা থেকে রক্ষা করে। চুল আঁচড়ালে মাথার ত্বকে রক্ত সঞ্চালনের হার বেড়ে যায়। এ ছাড়া চুলের বৃদ্ধিও ঘটে।





Post a Comment