ডাকাতির টাকা দিয়ে প্রেমিকাকে আইফোন, হবু শাশুড়িকে ফ্ল্যাট উপহার
ODD বাংলা ডেস্ক: প্রেমিকাকে খুশি করতে ডাকাতির টাকা দিয়ে আইফোন এবং তার মাকে ফ্ল্যাট কিনে দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গের হাওড়ার এক অপরাধী। হাওড়ার বেলিলিয়াস রোড শিল্পাঞ্চলে ডাকাতির ঘটনায় আটক দালালদের জিজ্ঞাসাবাদ করে তিন অপরাধীকে গ্রেপ্তার করে পুলিশ।
তাদের জেরা করে পুলিশ জানতে পেরেছে, ডাকাতির টাকা দিয়েই প্রেমিকাকে আইফোন এবং হবু শ্বাশুড়িকে ফ্ল্যাটবাড়ি কিনে দেওয়ার জন্য উত্তরপ্রদেশে লক্ষাধিক টাকা পাঠিয়েছিলেন আটকদের এক জন ভিকি মল্লিক।
ভিকির পাশাপাশি হাওড়ার ডাকাতি-কাণ্ডে হেমন্ত মিশ্র ও কার্তিক রাম নামে আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এখনও পলাতক আরও দুই দুষ্কৃতী। তাদের এক জনের নাম বোম্বে রাজেশ। পুলিশ সূত্রে খবর, এরা প্রত্যেকেই কুখ্যাত অপরাধী। তাদের বিরুদ্ধে নানা সময় চাঁদাবাজির অভিযোগ উঠেছে। তবে গত ছয় মাস ধরে এরা কোথায় ছিলেন, কী করেছেন, সে খবর পুলিশের কাছে নেই। তাদের অপরাধমূলক কাজকর্মের কোনও খবর প্রকাশ্যেও আসেনি।
গত ৮ ফেব্রুয়ারি, মঙ্গলবার সকাল ১০টা নাগাদ বেলিলিয়াস রোডে একটি লোহার সামগ্রীর দোকান থেকে ১ কোটি টাকা লুঠের ঘটনা ঘটে। পালানোর সময় যানজটে গাড়ি আটকে পড়ে দুষ্কৃতীদের। জনাকীর্ণ রাস্তা দিয়ে দিনেদুপুরে পিস্তল উঁচিয়ে ডাকাতদের দৌড় আতঙ্কিত করেছিল এলাকাবাসীকে। সিসি ক্যামেরায় ধরা পড়ে সেই ভিডিও। তদন্তে নেমে ওই দোকানের কারবারে জড়িত তিন দালাল- দক্ষিণ ২৪ পরগনার মহেশতলার বাসিন্দা ননীগোপাল দাস, বালির বাসিন্দা শিবরাম চট্টোপাধ্যায় এবং বরানগরের বাসিন্দা বিশ্বজিৎ দাসকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ।
সিসি ক্যামেরার ফুটেজ দেখে পুলিশ জানতে পারে, ঘটনার সময় ঘটনাস্থলের আশপাশেই ছিলেন ওই তিন দালাল। এর পরেই তাদের প্রথমে আটক এবং পরে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হয়। দালালদের জেরা করে পুলিশ জানতে পারে, লুঠ হওয়া দোকানের ব্যবসায়ী সুনীল শর্মার সঙ্গে তাদের পরিচয় মূলত কালো টাকা সাদা করার সূত্রেই। তাদের মধ্যে আলাপ প্রায় মাস ছয়েকের। বেশির ভাগ সময় হোটেলে বসে বা ফোনে কথা হত। ব্যবসায়ীর অফিসেও নিত্য যাতায়াত ছিল তাদের। ব্যবসায় পণ্য ও পরিষেবা কর যাতে কম দিতে হয়, সুনীলকে মূলত সেই ব্যবস্থাই করে দিতেন ওই তিন জন। এ ছাড়া টাকা হস্তান্তরের ক্ষেত্রেও সুনীলকে সাহায্য করতেন তারা। বিনিময়ে কমিশনও পেতেন।
ওই দালালদের জিজ্ঞাসাবাদ করেই ঘটনায় জড়িত দুষ্কৃতীদের সম্পর্কে জানতে পেরে তাদের একে একে গ্রেপ্তার করা হয়। কার্তিককে গ্রেপ্তার করা হয় লেকটাউন থেকে। হেমন্তকে লিলুয়া থেকে। আর হাওড়ার বাড়ি থেকে গ্রেপ্তার হন ভিকি। জেরায় ভিকি জানান, ডাকাতির পর টাকা ভাগ-বাটোয়ারা শেষে প্রত্যেকেই নিজের নিজের বাড়ি চলে গিয়েছিলেন। ওই টাকা দিয়েই প্রেমিকা মহিমা সিংহকে আইফোন ১৩ প্রো ম্যাক্স কিনে দিয়েছেন তিনি। মহিমা উত্তরপ্রদেশের মির্জাপুরের বাসিন্দা। পেশায় বার-নর্তকী। কর্মসূত্রে কলকাতায় এসে ভিকির সঙ্গে তার আলাপ। মহিমাকে আইফোন দেওয়ার পাশাপাশি মহিমার মা-কেও একটি ফ্ল্যাট কিনে দেওয়ার জন্য সাড়ে চার লাখ টাকা পাঠিয়েছেন ভিকি।





Post a Comment