ত্বকের যত্নে দুধের কিছু অসাধারণ ব্যবহার
ODD বাংলা ডেস্ক: এক গ্লাস দুধ আমাদের শরীরের জন্য কতটা উপকারী, এ কথা প্রায় সবাই জানেন। স্বাস্থ্য ভালো রাখতে দুধের জুড়ি নেই। তাছাড়া দুধ আমাদের দেহে শক্তি যোগাতেও সহায়তা করে। চিকিত্সকদের মতে, রাতে উষ্ণ দুধ খেয়ে শুতে পারলে ভালো ঘুম হয়।
তবে জেনে অবাক হবেন যে, দুধ শুধু আমাদের স্বাস্থ্যের উপকারই করে না, এটি আমাদের ত্বকের জন্যও অনেক উপকারী। দুধ খেলে ত্বক কোমল ও দীপ্তিময় হয়ে ওঠে। নাস্তায়ও দুধ খেতে পারেন। বিশেষ করে যারা সকালে জিম বা শরীরচর্চা করেন, তাদের জন্য নাস্তায় দুধ অপরিহার্য। চলুন এবার জেনে নেয়া যাক ত্বকের যত্নে দুধের কিছু অসাধারণ ব্যবহার সম্পর্কে-
>> ত্বকের ডেড সেল বা মরা চামড়া তুলতে দুধ ও মধু মিশিয়ে মিনিট পনেরো স্ক্রাব করুন। তার পর উষ্ণ জলে মুখ ধুয়ে নিন। ফল পাবেন হাতেনাতে।
>> ক্লিনজার হিসেবে অত্যন্ত কার্যকরী একটি উপাদান। তুলোয় করে দুধ গোটা মুখে আলতো করে মাখিয়ে নিন। আঙুলের ডগা দিয়ে হালকা করে মিনিট দশেক মালিশ করে উষ্ণ জলে মুখ ধুয়ে নিন। উপকার পাবেন।
>> পায়ের গোড়ালির ত্বক রুক্ষ আর শক্ত? হালকা উষ্ণ দুধ ও জল মিশিয়ে তার মধ্যে পা ডুবিয়ে কিছুক্ষণ (অন্তত ১৫-২০ মিনিট) বসে থাকুন। তার পর হালকা করে ঘষে নিন। দেখবেন পায়ের গোড়ালি নরম আর পরিষ্কার হয়ে যাবে।
>> শুষ্ক ত্বকের সমস্যায় দুধ অত্যন্ত কার্যকরী একটি উপাদান। ত্বকের রুক্ষ, শুষ্ক ভাব কাটাতে ১ কাপ দুধের সঙ্গে একটা কলা চটকে মিশিয়ে একটি প্যাক তৈরি করে নিন। এবার এই প্যাক ৩০ মিনিট মুখে লাগিয়ে রেখে জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন। ফল পাবেন হাতেনাতে।
>> ত্বকে টান পড়েছে? ত্বকের টান তুলতে আধা কাপ দুধের সঙ্গে সমপরিমাণ গ্রিন টি মিশিয়ে নিন। এ বার এই মিশ্রণ তুলোয় ভিজিয়ে গোটা মুখে আলতো করে মাখিয়ে নিন। তারপর মিনিট পনেরো রেখে জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত ৩ দিন স্নানের আগে এই পদ্ধতি কাজে লাগালে দ্রুত ফল পাবেন।





Post a Comment