বাবা শচিনের দলেই ঠাঁই হল পুত্র অর্জুনের
ODD বাংলা ডেস্ক: জনপ্রিয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন শচিন টেন্ডুলকার। ব্যাট প্যাড শোকেসে তুলে রাখার পর দলটিতে মেন্টরের ভূমিকায় অবতীর্ণ হন কিংবদন্তি এই ক্রিকেটার। এবার টানা দ্বিতীয়বারের মতো ফ্র্যাঞ্চাইজিটির হয়ে খেলবেন তার ছেলে অর্জুন টেন্ডুলকার।
এদিকে প্রতিযোগিতামূলক ক্রিকেটে এখনও তেমন কিছু করে দেখাতে পারেননি অর্জুন। মূলত শচিনের ছেলে হওয়ায় সব সময় নিজের দিকে মিডিয়ার বাড়তি আকর্ষণ টানতে সমর্থ হন এই সিমিং অলরাউন্ডার। তবে অনুশীলনে একাগ্রতা দিয়ে ইতোমধ্যে প্রমাণ করেছেন, ক্রিকেট নিয়ে তার স্বপ্নটা কত বড়।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৪তম আসরের নিলাম থেকে ২০ লাখ রুপিতে অর্জুনকে কিনেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। এবার ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত নিলাম থেকে ১০ লাখ রুপি বেশি দিয়ে প্রথম ডাকেই ২২ বছর বয়সী ক্রিকেটারকে ভিড়িয়েছে প্রতিযোগিতার সবচেয়ে সফল দলটি।
এদিকে গতকাল শেষ হয়েছে আইপিএলের এবারের আসরের মেগা নিলাম। যেখানে ৫৯০ ক্রিকেটারের মধ্যে দল পেয়েছেন ২০৪ জন। দশ ফ্র্যাঞ্চাইজির মোট খরচ হয়েছে সাড়ে ৫০০ কোটি রুপি। উল্লেখ্য, আগামী মাসের শেষ দিকে শুরু হওয়ার কথা বিশ্বের সবচেয়ে বড় এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টের ১৫তম আসর।





Post a Comment