মনোহর আইচ: এক বাঙালি হারকিউলিস

মনোহর আইচ জন্ম নিয়েছিলেন ১৯১২ সালের ১৭ মার্চ, বাংলাদেশের কুমিল্লা জেলার ধামতি গ্রামে। ছোটবেলা থেকেই সাধারণ বাঙাল কিশোরের মতো তার আগ্রহ ছিল খেলাধুলায়, বিশেষত কুস্তিজাতীয় খেলায়। বারো বছর বয়সে আক্রান্ত হন কালাজ্বরে। রোগটি তাকে প্রায় মৃত্যুর কাছাকাছি নিয়ে, কিন্তু তিনি ফিরে আসেন।


ভগ্ন স্বাস্থ্য পুনরুদ্ধার করতে শুরু করলেন দেশীয় স্টাইলে শরীর চর্চা। পড়ালেখা করতেন ঢাকার জুবিলি স্কুলে। একবার সে স্কুলে জাদু দেখাতে আসেন বিখ্যাত জাদুশিল্পী পি সি সরকার। মনোহর আইচের শরীর চর্চা ও শরীর নির্ভর ক্রিয়াদি দেখে তার ভালো লাগে। তিনি তার দলে নিয়ে নেন তাকে।


মনোহর তখন পি সি সরকারের সাথে বিভিন্ন প্রোগ্রামে তার ক্রীড়াকৌশল দেখাতে শুরু করেন। সেগুলোর মধ্যে ছিল:


দাঁত দিয়ে ইস্পাত বাঁকানো,

গলার সাহায্যে বল্লম আনমিত করা,

তরবারির উপর পেট রেখে শুয়ে থাকা,

দেড় হাজার পাতার বই নিমিষে ছিঁড়ে ফেলা ইত্যাদি জটিল সব খেলা।


একসময় ভারতের ব্রিটিশ রয়াল এয়ার ফোর্সে তিনি যোগ দিয়েছিলেন। তখন ভারতে ব্রিটিশ শাসন চলছে। এয়ার ফোর্সের একজন অফিসার ছিলেন রিউব মার্টিন। মনোহরের শরীরচর্চা প্রীতি দেখে তিনি তাকে উৎসাহ দেন এবং আধুনিক অনেক শরীরচর্চা পদ্ধতির সাথে তাকে পরিচিত করান। মনোহর সেই সময়ে শরীরচর্চা তথা ওয়েট ট্রেনিংয়ের মাধ্যমে নিজের দেহকে এমনভাবে নির্মাণ করেন যে রয়াল ফোর্সের অন্য সবার প্রশংসার পাত্র হয়ে উঠেন।


কিন্তু একদিন এক অফিসারের সাথে তার তর্ক শুরু হয়। তর্কের বিষয় ছিল ব্রিটিশ শাসকদের ভারতে প্রজাদের উপর নির্যাতন-শোষণ নিয়ে। সেই অফিসার ভারত সম্পর্কে তাচ্ছিল্যপূর্ণ এক মন্তব্য করে বসেন। মনোহর তার রাগ সামলে রাখতে পারেন নি। কষে এক চড় বসিয়ে দেন তাকে। এই কাজের জন্য মনোহরকে জেলে ঢোকানো হয়। জেলে যাওয়ার পরেই তিনি বডি বিল্ডিং নিয়ে ভালো করে চিন্তাভাবনা করতে শুরু করেন। তার মনে হতে থাকে তিনি চাইলে বিশ্ব বডি বিল্ডিং প্রতিযোগীতায় যেতে পারেন। এর জন্য প্রস্তুতি নিতে শুরু করলেন তিনি। তখন এমন সময়ও গিয়েছে যে, দিনে তিনি বারো ঘন্টা ব্যায়াম করে গেছেন।


তার কথায়, “জেলে আমি একা একা, কোনো ধরনের যন্ত্রপাতি ছাড়াই ব্যায়াম করে যেতাম, কখনো কখনো দিনে ১২ ঘন্টা করে।” তার এমন শরীরচর্চা প্রীতি দেখে জেল কর্তৃপক্ষ অভিভূত হয়ে গেল। তারা তার জন্য একটু বিশেষ খাবারের ব্যবস্থা করল। ১৯৪৭ সালে দেশ স্বাধীন হবার পর মনোহর আইচ জেল থেকে ছাড়া পান অন্য সবার সাথে।

ভিডিও ভাল লাগলে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি। এই ধরনের স্টোরি আরও আসতে চলেছে।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.