এবার পুকুরেই ফলবে রুপোলি ফসল, নয়া উদ্যোগ নবান্নের
ODD বাংলা ডেস্ক: এবার পুকুরেও মিলবে ইলিশ মাছ! গল্প নয় সত্যি। বারো মাস যাতে গ্রামগঞ্জের পুকুরেও ইলিশ চাষ করা যায়, সে জন্য এবার উদ্যোগী নবান্ন। এ ব্যাপারে মৎস্য দপ্তর একজোট হয়েছে ‘নরওয়েন ইনস্টিটিউট অফ ফুড, ফিশারিজ অ্যান্ড অ্যাকোয়াকালচার রিসার্চ’ (নোফিমা)-এর সঙ্গে।
স্বনামধন্য ওই মৎস্য গবেষণা সংস্থার বিশেষজ্ঞদের সঙ্গে চলতি মাসেই ভিডিও কনফারেন্সে বসবেন মৎস্য দপ্তরের আধিকারিকরা। রূপরেখা ছকে নেবেন। তারপর বাংলায় এসে সরেজমিনে সবটা দেখবেন, জানিয়েছেন রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি। তাঁর বক্তব্য, ইলিশের পোনা সংগ্রহ থেকে প্রতিপালন, সব কিছুতেই প্রযুক্তিগত সহায়তা দেবে নোফিমা।
অখিল গিরির পর্যবেক্ষণ, “ইলিশ নিছক মাছ নয়, বাঙালির আবেগ। কিন্তু আবহাওয়া ও নদীর ভূ-বৈচিত্র্য বদলে যাওয়ায় গঙ্গায় এখন ইলিশ সেভাবে পাওয়া যায় না। ভাল ইলিশের জন্যে সেই বাংলাদেশের দিকেই তাকিয়ে থাকতে হয়। তাই এবার পুকুরে ইলিশ চাষের চেষ্টা শুরু হল।”
অখিলবাবু আরও জানিয়েছেন, প্রকল্পের জন্য প্রাথমিকভাবে মুর্শিদাবাদের ফরাক্কার কাছে গঙ্গাপাড়ের কয়েকটি পুকুরকে বাছাই করা হয়েছে। ইলিশ চাষ বাবদ পুকুরপিছু ৫০ লক্ষ টাকা করে বরাদ্দ হবে। দপ্তরের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, আগামী তিন বছর ধরে নোফিমার সহযোগিতায় ইলিশ চাষের চেষ্টা হবে বঙ্গে। মাসখানেকের মধ্যেই সবটা চূড়ান্ত হবে।





Post a Comment