তাজমহলের ৫০০ মিটারের মধ্যে চলবে না কোনও ব্যবসায়িক কর্মকাণ্ড, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট
ODD বাংলা ডেস্ক: তাজমহলের রক্ষণাবেক্ষণের জন্য সচেতন হতে হবে- আগ্রা ডেভলপমেন্ট অথরিটি'কে জানিয়ে দিল বিচারপতি সঞ্জয় কিসান কাউল এবং এএস ওকা'র বেঞ্চ। সুপ্রিম কোর্ট এই সংস্থাকে নির্দেশ দিয়েছে, তাজমহলের ৫০০ মিটার বৃত্তের মধ্যে কোনও ব্যবসায়িক কার্যকলাপ চলবে না! সতেরো শতকের এই বিশিষ্ট সৌধটির রক্ষণাবেক্ষণের জন্য এই নির্দেশ কঠোর ভাবে পালিত হোক, চায় শীর্ষ আদালত। এমনিতেই তাজমহলের ৫০০ মিটার বৃত্তের মধ্যে কোনও ধরনের নির্মাণকার্য নিষিদ্ধ। এমনকি এর চারপাশ দিয়ে গাড়ি চলাচলের উপরও নিষেধাজ্ঞা আছে। তাজমহল-সন্নিহিত এলাকায় কৃষি সংক্রান্ত বা অন্য যে কোনও রকম বর্জ্য ফেলার উপরও নিষেধাজ্ঞা আছে। গোটা এলাকাটিই সুরক্ষিত। তাজমহলের সুরক্ষার জন্য এই কার্যক্রম জরুরি। পরিবেশবিদ এমসি মেহতা তাজমহলের সুরক্ষার লক্ষ্যে একটা মামলা করেছিলেন। তিনি মনে করেছিলেন, তাজমহলের চারপাশে পরিবেশের যে-পরিস্থিতি, তাতে একে রক্ষা করার জন্য আরও সচেতন হতে হবে সংশ্লিষ্ট সব মহলকে।





Post a Comment