পুজোয় অনলাইনে মিলবে না খাবার? ধর্মঘটের পথে শহরের ‘ডেলিভারি বয়’রা
ODD বাংলা ডেস্ক: দুর্গাপুজোর সময় বাইরে থেকে খাবার আনিয়ে খাবেন ভেবেছিলেন? বাধা পড়তে চলেছে সেই পরিকল্পনায়। কারণ, বৃহস্পতিবার অর্থাৎ চতুর্থী থেকেই ধর্মঘটে যাচ্ছেন অনলাইন খাবার সরবরাহ অ্যাপের কর্মীদের একটি বড় অংশ। তাঁদের দাবি, মূল্যবৃদ্ধির বাজারে তাঁদের দিকটাও দেখুন অ্যাপ কর্তৃপক্ষ। সবার মুখে খাবার পৌঁছে দিতে দিতে তাঁদের নিজেদের সংস্থানেই যে টান পড়ছে!ফলাও করে প্রচার নয়, ফেসবুকে একটি পোস্ট করেই আন্দোলনে নেমেছেন কর্মীদের ওই অংশ। তাঁদের অভিযোগ, দিনে ১২-১৩ ঘণ্টা কাজ করে তাঁরা বাড়ি নিয়ে যেতে পারেন বড়জোর ৫০০-৬০০ টাকা। মূল্যবৃদ্ধির বাজারে সেই আয় আরও কমেছে। সমস্যার কথা বলে কর্তৃপক্ষের কাছে দু’টি দাবি জানিয়েছিলেন তাঁরা। এক, তাঁদের ‘বেস ফেয়ার’ অর্থাৎ ডেলিভারি পিছু ন্যূনতম প্রাপ্য (বর্তমানে ২০ টাকা) বাড়িয়ে ৩৫ টাকা করতে হবে। দুই, অতিরিক্ত কিলোমিটার পিছু প্রাপ্য ৫ টাকার বদলে ১০ টাকা করতে হবে। দু’টি দাবি নিয়ে কর্তৃপক্ষের বক্তব্য জানা যায়নি। তবে সরবরাহ কর্মীদের প্রতিনিধিরা জানিয়েছেন, দাবি মানা হয়নি বলেই বাধ্য হয়ে পুজোর আগে ধর্মঘটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।





Post a Comment