কাঠের আসবাবপত্রের যত্ন নেবেন যেভাবে
ODD বাংলা ডেস্ক: কাঠের আসবাবপত্র ঘরে রাখতে সবারই ভালো লাগে। টেবিল, চেয়ার, শেলফ, আলমারি, ছবির ফ্রেমের আভিজাত্যই আলাদা।
কাঠের আসবাবের যত্নের জন্য নিয়মিত শুকনা কাপড় দিয়ে তা ঘষে ঘষে মোছা উচিত। কিন্তু তাতেও শেষ রক্ষা হবে না, কারণ ধুলো, তেল-ময়লা চেপে বসবেই আসবাবের ওপরে এবং সেটা সরাতে গেলে খুব ভালো করে পরিষ্কার করতে হবে।
যত্নের জন্য যা করবেন
কাঠের আসবাবের ওপর ধুলো জমতে দেওয়া ঠিক না। তা নিয়মিত শুকনা কাপড়ে মুছে ফেলা দরকার। সপ্তাহে এক দিন হালকা কোনো লিকুইড ডিটারজেন্ট ও হালকা গরম জলের একটা মিশ্রণ তৈরি করুন। একটা পাতলা ও পরিষ্কার কাপড় এই মিশ্রণে ডুবিয়ে ভালো করে নিংড়ে জলটা ফেলে দিন।
এরপর কাপড়টি দিয়ে আসবাব ঘষে ঘষে মুছে নিতে হবে। মনে রাখবেন, এই কাপড়টি আর্দ্র হওয়া প্রয়োজনীয়, ভেজা হওয়ার দরকার নেই। এরপর অন্য একটা শুকনা কাপড় দিয়ে মুছে ফেলুন আসবাব।
অ্যান্টিক আসবাবপত্র
অ্যান্টিক আসবাবের পালিশ নষ্ট হয়ে গেলে পুরনো ঔজ্জ্বল্য ফিরিয়ে আনা তেমন কঠিন কাজ নয়।
এক মগ জল গরম করে তার মধ্যে কড়া ফ্লেভারের টি ব্যাগ ডুবিয়ে রাখুন। কিছুক্ষণ পরে টি ব্যাগ তুলে ফেলে দিন। এবার এর মধ্যে নরম, পরিষ্কার একটি কাপড় ডুবিয়ে তুলে নিয়ে নিংড়ে বের করে নিন সমস্ত জল। তারপর সেটা দিয়ে মুছুন আপনার পুরনো আসবাবটি।
জলের দাগ তোলার উপায়
অসাবধানে চায়ের কাপ বা সফট ড্রিংকের বোতল উল্টে গিয়ে কাঠের টেবিলের ওপর দাগ পড়ে যেতে পারে।
দাগের জায়গাটায় টুথপেস্ট লাগিয়ে রাখতে পারেন। তারপর একটা নরম কাপড় দিয়ে ঘষে ঘষে দাগটা তুলে ফেলুন।
কালি বা অন্য কোনো কঠিন দাগ তোলার পদ্ধতি
এক টেবিল চামচ বেকিং সোডা আর জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করুন। দাগের ওপর এটা লাগিয়ে নিন, তারপর নরম কাপড়ে মুছে দাগটা তুলে ফেলুন।





Post a Comment