ত্বকের পোড়াভাব থেকে মুক্তি পাওয়ার উপায়

 


ODD বাংলা ডেস্ক: মুখের ত্বক সবচেয়ে নাজুক। অনেক সময় সানস্ক্রিন ব্যবহার করেও ক্ষতিকর সূর্যরশ্মি থেকে রক্ষা পাওয়া যায় না। তাই ত্বকের রোদে পোড়া দাগ দূর করতে প্রয়োজন বাড়তি যত্ন। সাধারণত রোদে পোড়াভাব অথবা দাগ দূর করতে আমরা যে সানস্ক্রিন ক্রিম ব্যবহার করি তা ব্যবহারের কিছু সময় পরই আমাদের ত্বকে ঘামের পরিমাণ বাড়িয়ে তোলে।


অতিরিক্ত গরমে মুখ এ সময় বেশ কালচে মনে হয়। ত্বকে সৃষ্টি হয় ট্যান বা পোড়াভাব।

রোদের পোড়াভাব দূর করতে


যেকোনো ধরনের ত্বকের জন্যই অ্যালোভেরা পেস্ট উপকারী। রাতে ঘুমের আগে টক দই, ডিমের সাদা অংশ ও চালের গুঁড়া প্যাক হিসেবে ত্বকে ব্যবহার করা যেতে পারে।


কিছুক্ষণ পর ধুয়ে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। কফির সঙ্গে মধু মিশিয়ে লাগাতে পারেন। এটি স্ক্রাবের কাজও করবে। টক দই ও ময়দার প্যাক তৈলাক্ত ত্বকের জন্য ভালো।

আর শুষ্ক ত্বকের জন্য দুধের সর, যেকোনো বাদাম, মধু ও সামান্য চিনির প্যাক ভালো কাজ করে।

যাদের ত্বক পাতলা, তাদের নিতে হবে বাড়তি যত্ন। এ ধরনের ত্বকে চামড়া ভেদ করে শিরার রেখা চোখে পড়ে। অনেকের পাতলা ত্বক রোদে গেলে অল্পতেই লাল হয়ে যায়। ফলে ত্বকে জ্বালাপোড়া হয়।


যাঁদের ত্বক পাতলা তাঁরা তীব্র রোদ অবশ্যই এড়িয়ে চলবেন। আর রোদে বের হলে অবশ্যই ত্বক বুঝে সানস্ক্রিন ব্যবহার করতে হবে।

রোদে পোড়া ত্বকের যত্নে ঘরোয়া কিছু ফেসপ্যাক


চিনি, গ্লিসারিন ও লেবু


রোদে পোড়া ত্বকের জন্য চিনি, গ্লিসারিন ও লেবুর মিশ্রণ বেশ ভালো কাজ করে। এক টেবিল চামচ চিনির সঙ্গে আধা চা চামচ গ্লিসারিন ও এক টেবিল চামচ লেবুর রস মেশান। এটি ঘষে ঘষে লাগান স্ক্রাবের মতো। এই মিশ্রণটি ত্বকে কিছুক্ষণ রেখে ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করুন।


লেবুর খোসা ও দুধ


লেবু অথবা কমলার খোসা ত্বক ফরসা করতে সাহায্য করে। এগুলোর খোসা শুকিয়ে গুঁড়া করে রাখতে পারেন। এক টেবিল চামচ লেবু কিংবা কমলার খোসা গুঁড়ার সঙ্গে এক টেবিল চামচ কাঁচা দুধ মিশিয়ে পেস্ট তৈরি করুন। রোদে পোড়া ত্বকে লাগান মিশ্রণটি। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করতে পারেন এই ফেসপ্যাক।


কলা, লেবু ও দুধ


অর্ধেক কলা চটকে এক চা চামচ লেবুর রস ও এক চা চামচ দুধ মেশান। রোদে পোড়া ত্বকে ১৫ মিনিট লাগিয়ে রাখুন মিশ্রণটি। কুসুম গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।


দই ও মধু


দুই টেবিল চামচ টক দইয়ের সঙ্গে এক চা চামচ মধু মিশিয়ে নিন। মিশ্রণটি পুরু করে লাগান রোদে কালচে হয়ে যাওয়া ত্বকে। শুকিয়ে গেলে ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। এক দিন পর পরই ব্যবহার করতে পারেন এই ফেসপ্যাক।


শসা ও লেবু


অর্ধেক শসা কুচি করে কয়েক ফোঁটা লেবুর রস মেশান। চাইলে ব্লেন্ড করে নিতে পারেন মিশ্রণটি। এটি নিয়মিত ব্যবহারে দূর হবে ত্বকের রোদে পোড়া দাগ।


আলুর রস


ত্বকের যেকোনো কালো দাগ দূর করে, চোখের চারপাশের কালচেভাব কমাতে সাহায্য করে আলুর রস। আলু ত্বকে আরাম দেওয়ার পাশাপাশি এতে থাকা ব্লিচিং উপাদান ত্বককে উজ্জ্বল করতেও সাহায্য করে। রোদে পোড়া দাগ দূর করতে আলুর রস সরাসরি ত্বকে ব্যবহার করা যায়। অথবা আলু পাতলা করে কেটে তা চোখের ওপরের অংশ ও দাগের ওপর ব্যবহার করা যেতে পারে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.