আম বাগানের মধ্যে শ'য়ে শ'য়ে বাদুড়ের মৃতদেহ, করোনার প্রাদুর্ভাবেই নয়া আতঙ্কে গ্রামবাসী


Odd বাংলা ডেস্ক: উত্তরপ্রদেশের গোরক্ষপুরের বেলঘাট এলাকায় আমবাগানের মধ্যে প্রায় ৩০০-রও বেশি বাদুড়ের মৃতদেহকে ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য। এমন রহস্যজনকভাবে বাদুড়ের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান অনুসন্ধানকারী দল। মৃত বাদুড়গুলির মেডিকেল টেস্ট করার ব্যবস্থা করা হয়েছে। 

এই খবর ছড়িযে পড়ার পরই সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়েছে যে, কোনও বৈজ্ঞানিক ভিত্তি ছাড়াই এতগুলি বাদুড়ের মৃত্যুতে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব যোগ করা হয়েছে। তবে খাজনি ফরেস্ট রেঞ্জার দেবেন্দ্র কুমার ঘটনাস্থলে যান এবং প্রাথমিক তদন্তের পরে তিনি জানিয়েছেন, ওই এলাকায় পশুপাখীদের জন্য পানীয় জলের অভাব রয়েছে, সেইসঙ্গে এই তীব্র দাবদাহে ওইসব বাদুড়ের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

ওই এলাকার প্রায় সব পুকুর, হ্রদ শুকিয়ে গিয়ে তিনি গ্রামবাসীদের বাড়ির সামনে বা বাগানে বা অন্যত্র স্থানে বাদুড়দের খাওয়ার জন্য পাত্রে করে জল রেখে দেওয়ার নির্দেশ দিয়েছেন। জানা গিয়েছে, বাদুড়গুলি নিকটবর্তী গাছে থাকত। ফরেস্ট অফিসারের দাবি তারা তীব্র উত্তাপ এবং জলের অভাবের কারণেই মারা গিয়েছে। সেইসঙ্গে আরও একটি সম্ভাবনার কথাও তাঁরা বিবেচনা করে দেখছেন যে, ঘটনাস্থলের কাছাকাছি অবস্থিত একটি ইট ভাটাও রয়েছে। সেখানকার দূষণের ফলেও বাদুড়ের মৃত্যু হতে পারে বলে মনে করা হচ্ছে।
Blogger দ্বারা পরিচালিত.