করোনা ছড়িয়ে পড়ার ভয়ে নার্সের বাড়ি লক্ষ্য করে পাথর-বৃষ্টি! আন্তর্জাতিক নার্স দিবসের অন্য চিত্র
Odd বাংলা ডেস্ক: আন্তর্জাতিক নার্স দিবসে করোনা মোকাবিলায় প্রথম সারিতে থেকে লড়াই করা নার্সদের যখন বন্দনা করছেন গোটা বিশ্ব, তখন নার্স দিবসেই নার্সের ওপর হামলার ঘটনা মহারাষ্ট্রে। মহারাষ্ট্রের ঔরঙ্গবাদে ওই নার্স এবং তাঁর স্বামীকে এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য হুমকি দিতে থাকে এলাকারই একদল মানুষ।
এলাকার মানুষদের দাবি, তিনি ওই এলাকায় করোনার বাহক হবেন এবং সকলের মধ্যে করোনা ভাইরাস ছড়িয়ে পড়বে। এরপরই হামলা চালানো হয় ওই নার্সের বাড়িতে। তাঁর ঘরের দরজায় সজোড়ে লাথি মারা হয় এবং তাঁদের বাড়ি লক্ষ্য করে পাথরবৃষ্টিও চলে।
আক্রান্ত নার্স শিল্পা হিভরালে জানিয়েছেন, যখন থেকে ঔরঙ্গবাদে করোনা সংক্রমণ শুরু হয়েছে, তখন থেকেই তিনি এবং তাঁর স্বামী ক্রমাগত হুমকির মুখে পড়েছেন। এলাকার কিছু মানুষ তাঁদের বারবার হুমকি দিয়ে আসছেন যে, তাঁরা য়েন এলাকা খালি করে দিয়ে অন্যত্র চলে যান। কিছুদিন আগে তাঁদের অপদস্থ করতে তাঁদের গাড়ির টায়ারের হাওয়াও বের করে দেওয়া হয়। এরপরই পুলিশের দ্বারস্থ হন তিনি। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছেন।





Post a Comment