কেরলে ওনমের পর করোনা সংক্রমণ বেড়েছে ১২৬%, দুর্গাপুজোর আগে কি এ থেকে শিক্ষা নেবে না বাংলা?
Odd বাংলা ডেস্ক: দক্ষিণ ভারতের বিখ্যাত উৎসব ওনমের পর কেরলে করোনা সংক্রমণের হার হু হু করে বেড়ে গিয়েছে। ওনমের পর কেরলে করোনা আক্রান্তের হার ১২৬% বেড়ে গিয়েছে, যা কার্যত আশঙ্কাজনক। সারা দেশের মধ্যে করোনা অ্যাক্টিভ কেসের নিরিখে কেরল বর্তমানে চতুর্থ স্থানে রয়েছে।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই কেরলেই প্রথম করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছিল বটে, কিন্তু খুব অল্প সময়ের মধ্যে এই কেরলই হয়ে উঠেছিল করোনা নিয়ন্ত্রক মডেল। কিন্তু ওনম পরবর্তী পরিস্থিতিতে কেরল একটা বড়সড় চ্যালেঞ্জের মুখোমুখি রয়েছে। বর্তমান পরিস্থিতি যদি অব্যাহত থাকে তাহলে সেরাজ্যের স্বাস্থ্য পরিষেবা কাঠামো ভেঙে পড়তে বেশি সময় লাগবে না।
প্রসঙ্গত, হাতে গোনা আর মাত্র ক'টা দিন পরেই বাঙালির প্রিয় দুর্গোৎসব। এর আগে বড় উৎসব বলতে ছিল পুরীর রথযাত্রা। যদিও রথযাত্রার আগের দিন সুপ্রিম কোর্টের নির্দেশে একাধিক নিয়ম শিথিল করে দেওয়া হয়েছিল। কিন্তু কেরলের ওনম উৎসবের পর সেরাজ্যের এমন অবস্থা দেখে কি শিক্ষা নেবে পশ্চিমবঙ্গ? এখন এই প্রশ্নই ঘুরে-ফিরে আসছে।
যদিও ইতিমধ্যে দুর্গাপুজো নিয়ে একাধিক দফায় কড়া নির্দেশিকা জারি করা হয়েছে নবান্নের তরফে। পাশাপাশি এবছর পুজো কার্নিভালও বাতিল করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় প্রত্যেকটি ক্লাবকে ৫০ হাজার টাকা করে অনুদান প্রদানেরও ঘোষণা করেছেন। এখন প্রশ্ন হল 'বজ্রআঁটুনি ফসকা গেরো' হলে সামাল দেওয়ার মতো পরিস্থিতি কি এরাজ্যে রয়েছে? উঠছে প্রশ্ন!





Post a Comment