বিহার নির্বাচন ২০২০: কেক-বিস্কুট, ক্যাপসিকাম, আঙুর- ভোটারদের কাছে লম্বা মেনু
Odd বাংলা ডেস্ক: প্রতিনিয়তই বাড়ছে রাজনৈতিক দলের সংখ্যা। আগের বছরের তুলনায় বেড়ে দ্বীগুণ হচ্ছে সংখ্যাটা, কখনও বা তারও বেশি। যত দল তত নির্বাচনী প্রতীক। কিন্তু এত নির্বাচনী প্রতীক প্রদান করতে গিয়ে কার্যত নাকানিচোবানি অবস্থা নির্বাচন কমিশনের। আর সেই কারণেই এবারের বিহার বিধানসভা নির্বাচনে বিচিত্র সব নির্বাচনী প্রতীক নিয়ে লড়ছে নির্বাচনী দলগুলি।
চপ্পল, জুতো এবং চাইল্ড ওয়াকার থেকে শুরু করে মটর, আঙুর, ক্যাপসিকাম, বেলন, কড়াই এমনকি 'ব্যাটসম্যান'- কি নেই। প্রসঙ্গত, নির্বাচনের আগে নির্বাচনী দলগুলিকে প্রতীক প্রদান করা নির্বাচন কমিশনের কাছে খুবই কঠিন এবং সময়সাপেক্ষ একটি কাজ। তার মধ্যে এবার করোনা আবহেই অনুষ্ঠিত হচ্ছে বিহারের বিধানসভা নির্বাচন। এবারের নির্বাচনে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতিনরাম মাঝির দল জোট বেঁধেছে জেডি ইউ-এর সঙ্গে। এদের প্রতীক কড়াই। জানা গিয়েছে প্রথমে ঠিক করা হয়েছিল তাঁদের দলের প্রতীক হবে টেলিফোন। কিন্তু সকলে ভেবে দেখেন যে, ভোটার ভুলবশত সেই প্রতীককে ক্যালকুলেটর বা ট্রানজিস্টার ভাবতে পারেন। তাই তাঁরা শেষ পর্যন্ত কড়াই প্রতীক বেছে নিয়েছেন।
পাপ্পু যাদবের দল ২০১৫ সালে বিহারের ভোটে হকি স্টিক প্রতীকে লড়াই করেছিল। এবার তাদের প্রতীক কাঁচি। মহারাষ্ট্রের শাসক দল শিবসেনা লড়ছে বিহার নির্বাচনে। তাদের প্রতীক বিস্কুট। জেএমএম লড়াই করছে লাঠি প্রতীক নিয়ে। লোক শক্তি পার্টি (এল)-এর প্রতীক ডিশ অ্যান্টেনা। আপের প্রতীক ঝাঁটা। সমাজবাদী পার্টির প্রতীক সাইকেল। রাষ্ট্রীয় জন জন পার্টি-র প্রতীক ব্যাট। ভারতীয় আম আওয়াম পার্টির প্রতীক ক্যাপসিকাম। রাষ্ট্রীয় সব জনশক্তি পার্টির চিহ্ন আঙুর। জনহিত দল নামে একটি নতুন পার্টির প্রতীকচিহ্ন হল ব্যাটসম্যান।





Post a Comment