পুরনো স্মৃতিকে চাঙ্গা করতে ফিরে আসছে ঐতিহ্যবাহী দোতলা বাস, কাল উদ্বোধন করবেন মমতা বন্দোপাধ্যায়


Odd বাংলা ডেস্ক: তিলোত্তমার বুক থেকে একে একে যেসব জিনিস নিশ্চিহ্ন হয়ে গিয়েছে, আর তার মধ্যে অন্যতম হল কলকাতার ডাবল ডেকার বাস। সেই নস্টালজিয়া ফিরে আসছে আরও একবার। ২০০৫ সালে বন্ধ হয়ে যাওয়ার পর থেকে প্রায় দেড় দশক পর শহর কলকাতায় ফিরছে ডাবল ডেকার বাস।

তবে এবার আর গণপরিবহনের জন্য নয়, পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলতে নিয়ে আসা হচ্ছে ডাবল ডেকার বাস। প্রসঙ্গত, সরকারিভাবে দোতলা বাস তুলে দেওয়ার অনেক আগে থেকেই এর দেখা পাওয়া প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু শহর কলকাতার মজ্জার সঙ্গে মিশে থাকা এই ঐতিহ্যকে পুনরুদ্ধার করতে ফের উদ্যোগী হয়ে উঠেছে রাজ্য সরকার। 


তবে পুজোর আগেই কি রাস্তায় নামবে দোতলা বাস, খানিকটা নিশ্চিত বার্তা দিয়েছে রাজ্য সরকার। জানা গিয়েছে, আগামীকাল মঙ্গলবার নবান্ন থেকে দুটি বাসের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তবে আর সেই চিরাচরিত লাল বাস নয়। ডাবল ডেকার বাস ফিরছে নীল-সাদা রঙে। 

সূত্রের খবর, এই বাসে দরজা থাকবে একটিই। বাসের ভিতরে থাকছে ছাদে ওঠার সিঁড়ি। মোট আসন সংথ্যা ৫১টি, এর মধ্যে দোতলায় আসন সংখ্যা ১৭। বাসের ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় সরকারের সেন্ট্রাল ইনস্টিটিউট অফ রোড ট্রান্সপোর্ট। ভারত স্টেজ ফোর গোত্রের এই নতুন বাস নির্মাণ করেছে জামশেদপুরের সংস্থা বেবকো। দু'টি বাসের জন্য খরচ হয়েছে ৯০ লক্ষ টাকা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.