কংস নারায়ণ তাহেরপুরের তাহের খানকে পরাজিত করার পর করেছিলেন দুর্গাপুজো
Odd বাংলা ডেস্ক: ১৪৮০ সালে বাংলার বারো ভুঁইয়ার অন্যতম রাজা রাজশাহীর কংস নারায়ণ তাহেরপুরের তাহের খানকে যুদ্ধে পরাজিত করেন। যুদ্ধজয়ের স্মৃতি ধরে রাখতে রাজ পুরোহিত রমেশ শাস্ত্রীর পরামর্শে রাজা কংস নারায়ণ দুর্গাপূজার আয়োজন করেন। তার আহ্বানে মা দুর্গা স্বর্গ থেকে সাধারণ্যে আবির্ভূত হন। সেই সময় ৯ লাখ টাকা ব্যয়ে কংস নারায়ণ প্রথম যে দুর্গাপূজার আয়োজন করেন, সেই প্রতিমা ছিল সোনার তৈরি। তার আয়োজনে ১৪৮০ খ্রিস্টাব্দের (৮৮৭ বঙ্গাব্দে) বাংলা আশ্বিন মাসে মহাষষ্ঠী তিথিতে দেবীর বোধন হয় রাজপ্রাসাদের আঙিনায় (বর্তমানে তাহেরপুর কলেজ মাঠ)।
পূজামণ্ডপ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয় সেই সময় থেকেই। তাহেরপুরে এর আগেও দুর্গাপূজা হতো, তবে তা হতো পারিবারিকভাবে। প্রথমবারের পূজার আনুষ্ঠানিকতা ছিল বিপুল। সোয়া ৫০০ বছর আগের ওই উত্সবে খরচ হয়েছিল ৯ লাখ টাকা। পরে তার সঙ্গে পাল্লা দিয়ে ভাদুরিয়ার (রাজশাহী) রাজা জয় জগৎ নারায়ণ প্রায় ৯ লাখ টাকা ব্যয় করে বাসন্তী দুর্গোৎসব করেন।
দুর্গাদেবীর প্রতিমা গড়েছিলেন ওই পূজার পুরোহিত রাজপণ্ডিত রমেশ শাস্ত্রী।
উত্সব চলেছিল এক মাস ধরে। এরপর থেকে রাজপরিবার প্রতিবছর আশ্বিন মাসে এ পূজার আয়োজন করতে শুরু করে।মাসব্যাপী যাত্রা, সার্কাস, পালাগানসহ বিভিন্ন অনুষ্ঠান হয়েছিল ওই উৎসবে। এরপর থেকেই ভারত বর্ষসহ বিশ্বের বিভিন্ন দেশে সার্বজনীন হিসেবে ছড়িয়ে পড়ে শারদীয় দুর্গোৎসব। মহালয়ার দিন কংস নারায়নের দুর্গাপূজা প্রচলনের খবর প্রচার হয় আকাশবানী কলকাতা থেকেও।





Post a Comment