করোনার বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে ভারত, কমল দৈনিক মৃত্যুর সংখ্যা, বেড়েছে সুস্থতার হার
Odd বাংলা ডেস্ক: সারা দেশে করোনা মোকাবিলায় একটু একটু করে ঘুরে দাঁড়াচ্ছে ভারত। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে প্রকাশিত পরিসংখ্যানের ভিত্তিতে শেষ ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ৭৩ হাজার ২৭২ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন, একদিনে মৃত্যু হয়েছে ৯২৬ জনের। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনার কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন ৮২ হাজার ৭৫৩ জন মানুষ এবং তাঁদের হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হয়েছে।
আর এর ফলে সারা দেশে করোনায় সুস্থতার হার বেড়ে গিয়ে হল ৮৫.৮ শতাংশ। সারা দেশে মৃত্যুর হার এই মুহূর্তে দাঁড়িয়ে ১.৫ শতাংশে। সারা দেশে করোনা পজিটিভ কেসের হার রয়েছে ৬.৩ শতাংশে। পাশাপাশি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে আরও জানানো হয়েছে, ১১.৬ লক্ষ করোনা টেস্ট করা হয়েছে। শুরুর দিন থেকে আজ পর্যন্ত সারা দেশে সাড়ে আট কোটি মানুষের করোনা টেস্ট করা হয়েছে।
সরকারি পরিসংখ্যান বলছে, ভারতে মোট করোনা আক্রান্ত এই মুহূর্তে ৬৯ লক্ষ ৭৯ হাজার ৪২৪ জন। দেশে করোনা অ্যাক্টিভ কেস এই মুহূর্তে ৮ লক্ষ ৮৩ হাজার ১৮৫। সারা দেশে এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৫৯ লক্ষ ৮৮ হাজার ৮২৩ জন এবং সারা দেশে করোনায় প্রাণ হারিয়েছেন ১ লক্ষ ৭ হাজার ৪১৬।





Post a Comment