গার্হস্থ্য অশান্তির চাপে বাড়ির বউ-কে আর ঘরছাড়া করা যাবে না, রায় দিল সুপ্রিম কোর্ট


Odd বাংলা ডেস্ক: আজও অনেক মহিলাই বিয়ের পর গার্হস্থ্য অশান্তির শিকার হন। আর এবার সেইসব মহিলাদের পাশে দেশের শীর্ষ আদালত। বৃহস্পতিবার একটি মামলার রায় দানকালে সুপ্রিম কোর্টের বিচারপতি অশোক ভূষণ, আর সুভাষ রেড্ডি এবং এমআর শাহের বেঞ্চ জানিয়েছে, গার্হস্থ্য হিংসার আইন অনুসারে বাড়ির বউ-এর শ্বশুরবাড়িতে বসবাসের অধিকার রয়েছে। 

বাড়ির বউকে যদি পারিবারিক অশান্তির কারণে শ্বশুরবাড়ি থেকে বের করে দেওয়া হয়, তাহলে 'শেয়ার্ড হাউসহোল্ড'-এর জোরে তিনি সেখানে থাকার অধিকার দাবি করতে পারেন। সে বাড়ি স্বামীর পরিবারের কারও নামে থাকলেও এই অধিকার থেকে কখনওই বঞ্চিত হবেন না তিনি। প্রসঙ্গত, ২০০৫ সালের গার্হস্থ্য হিংসা আইনে যে 'শেয়ার্ড হাউসহোল্ড'-এর কথা বলা হয়েছে, সে অনুসারে স্বামীর কোনও আত্মীয় বা যৌথ পরিবারের নামেও যদি বাড়ির মালিকানা থাকে, তাহলেও এই অধিকার দাবি করতে পারবেন মহিলারা। 

তবে সেক্ষেত্রে শর্ত রয়েছে। বিয়ের পর থেকে শ্বশুরবাড়িতে দীর্ঘ সময় ধরে 'পরিবারের সদস্য হিসেবে কাটানোর' ইতিহাস থাকতে হবে তাঁর, তবেই 'শেয়ার্ড হাউসহোল্ড' হিসেবে বিবেচিত হবে তা। তিন বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছে, এদেশে গার্হস্থ্য প্রতিহিংসার ঘটনা প্রায়শই ঘটে থাকে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই এসব মামলায় অভিযোগ দায়ের হয় খুব কম। অনেকক্ষেত্রে আবার বাড়ির বউ-এর ওপর অত্যাচার করে তাকে ঘর থেকে বের করে দেওয়ার মতোও ঘটনা ঘটে। তবে শীর্ষ আদালতের এই রায়দানের পর অনেক মহিলাই নিশ্চিন্ত হলেন একথা বলাই যায়। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.