ডাক্তারের গাফিলতিতে মৃত্যু হয়েছে মারাদোনার? শুরু হল ফুটবলের রাজপুত্রের মৃত্যু-তদন্ত


Odd বাংলা ডেস্ক: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন ফুটবলের রাজপুত্র মারাদোনা। তাঁর মৃত্যু বিশ্ব ফুটবলের কাছে এক অপূরণীয় ক্ষতি। কিন্তু তাঁর মৃত্যুর পরে নতুন করে শুরু হয়েছে জল্পনা। জানা গিয়েছে, দিয়েগো আর্মান্দো মারাদোনার মৃত্যুর তদন্ত শুরু করেছে আর্জেন্টিনার বিচার বিভাগের কর্মকর্তারা। কিংবদন্তি এই ফুটবলারের ব্যক্তিগত চিকিৎসকের সম্পত্তি অনুসন্ধানের নির্দেশও দেওয়া হয়েছে বলে খবর।

রবিবার প্রসিকিউটর অফিসের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, বুয়েনস এয়ারসের সান ইসিদ্রোর প্রসিকিউটররা এই অনুসন্ধানের অনুরোধ করেন এবং তাতে স্থানীয় বিচারকের সইও রয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, তদন্তের জন্য শনিবার মারাদোনার নিকট আত্মীয়স্বজন-সহ অন্যদের বক্তব্য রেকর্ড করা হয়। এর ভিত্তিতেই চিকিৎসক লিওপোলদো লুকের বাড়ি ও ক্লিনিকে অনুসন্ধান চালানো জরুরি বলে মনে করা হয়েছিল। তবে কী কারণে তদন্তের অনুরোধ জানানো হয়েছে, সে সম্পর্কে কোনো তথ্য দেয়নি প্রসিকিউটর অফিস।

মারাদোনার আইনজীবী মাতিয়াস মোরিয়া বৃহস্পতিবার বলেছিলেন, আর্জেন্টাইন কিংবদন্তির মৃত্যুর পূর্ণ তদন্তের জন্য তিনি দাবি জানাবেন। তাঁর দাবি, মারাদোনাকে শেষ সময় জরুরি পরিষেবা দিতে বিলম্ব করা হয়েছিল। তিনি বলেন অ্যাম্বুলেন্স আসতেও অনেক দেরি করেছে, যা একটি অপরাধমুলক বোকামি বলে দাবি করেন তিনি। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.