আর প্লাস্টিক নয়, এবার থেকে স্টেশনে চা পাওয়া যাবে কেবল মাটির ভাঁড়েই, জানালেন রেলমন্ত্রী


Odd বাংলা ডেস্ক: প্লাস্টিক বর্জন করতে এক অভিনব উদ্যোগ নিল ভারতীয় রেল। রবিবার রেলমন্ত্রী পীযুষ গয়াল বলেন, এবার দেশের দেশের ৪০০টি রেলওয়ে স্টেশনে চা বিক্রেতাদের ব্যবহার করতে হবে মাটির ভাঁড়। অর্থাৎ এবার থেকে আর প্লাস্টিকের কাপে চা দেওয়া যাবে না। 

এদিন পীযুষ গয়াল বলেন, ভারতকে প্লাস্টিকমুক্ত করে গড়ে তোলার জন্য সারা দেশজুড়ে ভারতীয় রেলের তরফে এই অভিনব প্রয়াস গড়ে তোলা হচ্ছে। আর এতে করে কর্মসংস্থান বাড়বে বলেও জানান রেলমন্ত্রী। রাজস্থানের আলওয়ার জেলার ধীগাওয়ারা-বান্দিকুই সেকশনের ইলেকট্রিক লাইনে রেল পরিষেবার উদ্বোধনী অনুষ্ঠানে এসে এমনটাই বলেন রেলমন্ত্রী। 


তিনি আরও বলেন, রেল স্টেশনে এতদিন প্লাস্টিকের কাপে চা বিক্রিরই চল ছিল বেশি। এবার থেকে তা পুরোপুরিভাবে ভাঁড়ে বিক্রি করতে হবে। তবে শুরুতেই এত বিপুল পরিমাণ মাটির ভাঁড় পেতে তো হিমশিম খেতে হবে বিক্রেতাদের! পীযূষ গয়ালের কথায়, প্রাথমিকভাবে কেন্দ্রের তরফেই প্রতিটি স্টেশনে এই ভাঁড় পৌঁছে দেওয়ার কাজটি করা হবে। 

পাশাপাশি ভবিষ্যতে ডিজেল ট্রেন চালানোও বন্ধ করে দেওয়া হবে বলে জানান তিনি। দূষণ রোধ করতে ডিজেলের পরিবর্তে ট্রেন একদিন পুরোপুরিভাবে বিদ্যুতচালিত হবে বলে জানান তিনি। এতে করে জ্বালানির ওপর নির্ভরতা যেমন কমবে, তেমনই রাজস্বও বাঁচবে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.