আগামী বছর সেপ্টেম্বরের মধ্যে ভ্যাকসিন পাবেন এই দেশের অধিকাংশ মানুষ


Odd বাংলা ডেস্ক: আগামী সেপ্টেম্বরের আগেই কানাডার অধিকাংশ মানুষের হাতে করোনাভাইরাসের ভ্যাকসিন পৌঁছে যাবে বলে জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। শুক্রবার ওটাওয়ায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন।

ট্রুডো বলেন, দেশব্যাপী টিকাদান কাজ পরিচালনার জন্য  সব প্রদেশ এবং অঞ্চল সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা হচ্ছে। তিনি বলেন, কানাডা টিকাদান কার্যক্রমের জন্য ভালভাবেই প্রস্তুত। এটাই হবে দেশের ইতিহাসে সবচেয়ে বড় টিকাদান অভিযান। সে যেখানেই থাকুন না কেন, প্রত্যেকের কাছেই টিকা পৌঁছাতে হবে। কানাডীয় সেনাবাহিনীর মেজর জেনারেল ড্যানি ফরটিনকে দেশব্যাপী করোনা ভ্যাকসিন বিতরণ কার্যক্রমের প্রধান হিসেবে ঘোষণা করেন প্রধানমন্ত্রী ট্রুডো। 

গত কয়েক সপ্তাহে কানাডায় হু হু করে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। একারণে বেশ কিছু অঞ্চলে চলাফেরায় কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। গত শুক্রবার ওন্টারিও প্রদেশে নতুন করে ১,৮৫৫ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন, যা মহামারি শুরু থেকে এখন পর্যন্ত একদিনের সর্বোচ্চ রেকর্ড। এদিন সেখানে করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন অন্তত ২০।

কানাডার বৃহত্তম শহর টরোন্টো এবং পার্শ্ববর্তী অঞ্চলে সংক্রমণ বৃদ্ধির কারণে চলতি সপ্তাহে লকডাউন জারি করা হয়েছে। এসব এলাকায় হোটেল-রেস্তোরাঁয় বসে খাওয়া নিষিদ্ধ রয়েছে, বন্ধ করে দেয়া হয়েছে অনাবশ্যক ব্যবসা প্রতিষ্ঠানগুলি।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, কানাডায় এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ৩ লক্ষ ৫৯ হাজার ৬৪ জন। মারা গেছেন অন্তত ১১ হাজার ৮৯৪ জন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.