কৃষক আন্দোলনের মাঝে গিয়ে আন্দোলনকারীদের পাশে দাঁড়ানোয় গৃহবন্দি করা হল অরবিন্দ কেজরিওয়ালকে?
Odd বাংলা ডেস্ক: কৃষক আন্দোলনে সমর্থন জানানোর জন্য দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গৃহবন্দী করে রাখা হয়েছে বলে খবর। সোমবার সিংঘু সীমানায় কৃষকদের সঙ্গে দেখা করে কৃষক আন্দোলনে সমর্থন জানিয়েছিলেন কেজরিওয়াল৷ আর তারপর থেকেই তাঁকে গৃহবন্দি করে রেখেছে দিল্লি পুলিশ। দিল্লি পুলিশের তরফে অবশ্য এই অভিযোগ খারিজ করে দেওয়া হয়েছে।
তবে সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর বাড়ির চারপাশে ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে৷ সংশ্লিষ্ট মন্ত্রণতের নির্দেশে কেজরিওয়ালকে গৃহবন্দি করে রাখা হয়েছে বলে অভিযোগ। কেন্দ্রীয় সরকারের আনা ৩ টি কৃষি আইনের বিরুদ্ধে টানা ১২ দিন ধরে কৃষক সংগঠনগুলি তাঁদের বিক্ষোভ জারি রেখেছে। দিল্লি সরকারের তরফ থেকে কৃষকদের জন্য সঠিক ব্যবস্থা নেওয়া হয়েছে কি না তা খতিয়ে দেখতেই সোমবার সিংঘু বর্ডারে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত, কেজরিওয়াল বলেন, 'কৃষকদের সব রকম দাবিকে আমি সমর্থন করি। ওদের এই বিক্ষোভের নেপথ্যে যথেষ্ট কারণ রয়েছে। আমি এবং আমাদের দলের নেতারা প্রথম থেকেই কৃষক নেতাদের পাশে আছি। আন্দোলনের শুরুতে দিল্লি পুলিশের তরফে, ৯টি স্টেডিয়ামকে জেলে রূপান্তরিত করার জন্য আমাদের কাছে অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু চাপের মুখেও আমি অনুমতি দিইনি।' তিনি আরও বলেন,
'আমাদের দলীয় নেতারা এবং আইনসভার সদস্যরা প্রথম থেকেই আন্দোলনকারীদের জন্য স্বেচ্ছাসেবক হয়ে কাজ করছেন। আমিও এখানে মুখ্যমন্ত্রী হিসেবে আসিনি, বরং স্বেচ্ছাসেবক হিসেবেই এসেছি। কৃষকরা খুব বড় সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে এবং আমাদের উচিৎ তাদের পাশে দাঁড়ানো।'





Post a Comment