সফল হল চিনের চন্দ্রাভিযান, চাঁদ থেকে মাটি নিয়ে ফিরল মহাকাশযান চ্যাং ই-৫


Odd বাংলা ডেস্ক: চিনের চন্দ্রাভিযানে এল সাফল্য। চিনের পঠানো মহাকাশযান চ্যাং ই-৫ চাঁদের মাটি নিয়ে ফিরল পৃথিবীর বুকে। আমেরিকা ও তৎকালীন সোভিয়েত ইউনিয়নের পর তৃতীয় দেশ হিসেবে চাঁদের দেশে পাড়ি জমিয়ে সেখান থেকে মাটি-পাথর আনতে সফল হয়েছে চিন।চিনের মহাকাশ গবেষণা সংস্থা চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন সূত্রে খবর, বুধবার গভীর রাতে ইনার মঙ্গোলিয়া অটোনমাস রিজিয়নের সিজিওয়াং ব্যানের লান্ডিং গ্রাউন্ডে অবতরণ করে চিনের চন্দ্রযান চ্যাং ই–৫। ১৯৭০ সালের সোভিয়েত অভিযানের পর এই প্রথম কোনও দেশ চাঁদ থেকে নমুনা সংগ্রহ করে পৃথিবীতে আনল। 

বিজ্ঞানীদের মতে, যে মূল্যবান মাটি ও পাথরের নমুনা নিয়ে ফিরেছে যানটি, সেগুলির সাহায্যে চাঁদের উৎপত্তি নিয়ে অনেক অজানা তথ্য প্রকাশ্যে আসবে। এর ফলে ভবিষ্যতে আরও জটিল রকমের চন্দ্রাভিজানের জন্য জমি তৈরি হবে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা।

প্রসঙ্গত, গত ২৪ নভেম্বর হেইনান প্রদেশের ওয়েনচেং স্পেস সেন্টার থেকে ‘লং মার্চ-৫’ রকেটে চেপে রওনা দিয়েছিল যানটি। এরপরই সেটি চাঁদের মাটিতে সফলভাবে অবতরণ করে। আর আগে গত ১৯৭৬ সালের ২২ আগস্ট চাঁদের মাটি থেকে নমুনা সংগ্রহ করতে সফলভাবে অবতরণ করেছিল রাশিয়ার লুনা ২৪ চন্দ্রযান। কয়েক দশক পরে আবার কোনও চন্দ্রযান চাঁদে সফলভাবে অবতরণ করল এবং ফিরে এল পৃথিবীর বুকে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.