অভিনব শাস্তি! এবার মাস্ক না পরলেই কাজ করতে হবে কোভিড সেন্টারে, দিতে হবে 'কমিউনিটি সার্ভিস'
Odd বাংলা ডেস্ক: বারবার সতর্ক করার পরেও হুঁশ ফিরছে না কিছু মানুষের! যার ফলে এখনও অনেকে মাস্ক ছাড়াই নিশ্চিন্তে ঘুরে বেরাচ্ছেন রাস্তাঘাটে। করোনা আবহে এমন অবিবেচকের মতো কাজ করতে গিয়ে যে কতখানি ক্ষতি হচ্ছে, তা অনেকেরই ধারণার বাইরে। আর এই কারণে দিল্লি, মহারাষ্ট্রের মতো একাধিক রাজ্যে মানুষকে শায়েস্তা করতে জরিমানা দ্বিগুণ করা হয়েছে। কিন্তু তাতে যে চিত্রটা খুব বদলেছে এমনটা নয়।
তবে এবার একটা অভিনব পদক্ষেপ নিল গুজরাট হাইকোর্ট। গুজরাত হাইকোর্ট স্পষ্ট জানিয়েছে, এতবার বলা সত্ত্বেও যাঁরা মাস্ক পরছেন না, তাঁদের পাঠানো হবে কোভিড সেন্টারগুলিতে। সেখানে তাঁদের 'কমিউনিটি সার্ভিস' দিতে হবে, যা বাধ্যতামূলক। হাইকোর্টের এই নির্দেশ মানা হচ্ছে কি না, সরকারকে তা নিশ্চিত করতে হবে।
গুজরাত সরকারকে এই মর্মে নোটিফিকেশন জারি করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। গুজরাতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ছাড়িয়ে যাওয়ার পরেই হাইকোর্ট এই রায় দেয়। সরকারি তথ্য অনুসারে, রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২ লক্ষ ১১ হাজার ২৫৭। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ১,৪৭৭ জন। যদিও, মৃতের সংখ্যা তুলনায় অনেকটাই কম। মঙ্গলবার গোটা রাজ্যে ১৫ জন মারা গিয়েছেন। সবমিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪,০০৪।





Post a Comment