সফল হল কোভ্যাকসিনের ফেজ ওয়ান ট্রায়াল, আশার বার্তা দিল ভারত বায়োটেক
Odd বাংলা ডেস্ক: সুখবর, ভারতে এবার প্রথম ধাপে উত্তীর্ণ হল করোনার ভ্যাকসিন। বুধবার ভারত বায়োটেক সংস্থা জানিয়েছে, তাদের কোভ্যাকসিনের ফেজ ওয়ান ট্রায়াল শেষ হয়েছে। শুধু তাই নয়, এই পরীক্ষায় সফলভাবে পাশও করেছে তারা। ভ্যাকসিনের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার ভরসা রেখেছিল পুণের সিরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড এবং হায়দ্রাবাদের ভারত বায়টেক সংস্থার কোভ্যাকসিনেই। কোভ্যাকসিন শরীরে রোগ-প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করবে। অতএব এদেশে কোভ্যাকসিন চালু করা যেতে পারে বলে আশা করছেন বিশেষজ্ঞরা।
আইসিএমআর বা ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ-এর সঙ্গে যুক্ত হয়ে ভারত বায়োটেক তৈরি করছিল কোভ্যাকসিন। সংস্থার পক্ষ থেকে জানান হয়েছে, ট্রায়াল চলাকালীন কিছু সমস্যা দেখা দিয়েছিল, যেটি একেবারেই মাইল্ড এবং পরে সেই সমস্যার সমাধানও তারা করতে পেরেছে। এই কোভ্যাকসিন শরীরে অ্যান্টিবডিকে সঠিক মাত্রায় ধরে রাখতে সাহায্য করবে।
সংস্থার তরফে আরও বলা হয় যে, ৩০ জুলাই এক জন রোগীকে এই ভ্যাকসিন দেওয়া হয়েছিল। প্রথম পর্বের ট্রায়ালটি দেখে সংস্থা জানায় যে, ভ্যাকসিনটি নিরাপদ এবং কার্যকর হওয়ার পর্যাপ্ত প্রমাণ থাকলে তবেই জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমোদন চাওয়া যেতে পারে। তবে, চূড়ান্ত অনুমোদন কেবলমাত্র পরীক্ষা এবং সম্পূর্ণ ডেটা বিশ্লেষণ করার পরই জানা যাবে।





Post a Comment