অ্যালার্জির সমস্যা থাকলে কখনওই নেবেন না করোনার ভ্যাকসিন, জারি হল সতর্কতা
Odd বাংলা ডেস্ক: অ্যালার্জির সমস্যা রয়েছে? তাহলে আপনার জন্য করোনার ভ্যাকসিন নিরাপদ নাও হতে পারে। আর তাদের ফাইজার-বায়োএনটেক-এর করোনা ভ্যাকসিন না নেওয়ার জন্য পরামর্শ দিচ্ছে ব্রিটেনের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা এমএইচআরএ। যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) দুই কর্মী মঙ্গলবার ভ্যাকসিন গ্রহণের পর বিরুপ প্রতিক্রিয়া দেখা দেওয়ায় এ পরামর্শ দিয়েছে সংস্থাটি।
ভ্যাকসিন নেওয়ার একদিনের মধ্যেই ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) দুই কর্মীর মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। এনএইচএসের মেডিকেল ডিরেক্টর স্টিফেন পাওইস বলেন, এনএইচএস এর দুই কর্মীর ভ্যাকসিন নেওয়ার পর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেওয়ার পর জানা যায়, তাদের দুজনেরই অ্যালার্জির সমস্যা রয়েছে। তবে, ওই দুজনই সুস্থ হয়ে উঠছেন বলে জানান তিনি। এরপর, মেডিসিনস অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্ট রেগুলেটরি এজেন্সি (এমএইচআরএ) পরামর্শ দিয়েছে যে, যাদের অ্যালার্জিজনিত সমস্যা আছে, তারা যেন এই টিকা গ্রহণ না করেন।
এ বিষয়ে এমএইচআরএ-ও একটি নির্দেশিকা জারি করেছে। তবে শেষ ধাপের ট্রায়ালে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবকদের মধ্যে অ্যালার্জি আছে এমন কেউ ছিলেন না বলেই জানা গিয়েছে। গত সপ্তাহে বিশ্বের প্রথম দেশ হিসেবে ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য অনুমোদন দেয় ব্রিটেন। প্রথম ধাপে ভ্যাকসিন নিচ্ছেন কেয়ার হোম কর্মী, হাসপাতালের রোগী, এনএইচএস স্টাফ ও বয়স্করা।





Post a Comment