দেশের অর্ধেক মানুষ যখন অভুক্ত, তখন নতুন সংসদ ভবনের জন্য অর্থ ব্যয় কেন, মোদীকে প্রশ্ন কমল হাসানের


Odd বাংলা ডেস্ক: সারা দেশের অর্ধেক মানুষের পেটে অন্ন নেই, এই পরিস্থিতিতে নতুন সংসদ ভবনের জন্য অর্থ ব্যয় কেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে এমন প্রশ্নই ছুঁড়ে দিলেন দক্ষিণী অভিনেতা কমল হাসান। প্রসঙ্গত, নতুন সংসদ ভবন তৈরি করতে খরচ হচ্ছে প্রায় হাজার কোটি টাকা। এই বিপুল অর্থ ব্যয় নিয়ে ইতিমধ্যেই বিরোধীদের তরফে ছুঁড়ে দেওয়া হয়েছে একাধিক প্রশ্ন। এরই মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে এবিষয়ে বিস্তারিত জানতে চেয়ে প্রশ্ন তুললেন অভিনেতা ও এমএনএম প্রধান কমল হাসান। তিনি জানতে চান অর্ধেক দেশ যেখানে অভুক্ত রয়েছে সেই পরিস্থিতিতে এত বিপুল অর্থ ব্যয়ে নতুন সংসদ ভবন বানানোর প্রয়োজনীয়তা কোথায়?

এমনকী এ প্রসঙ্গে বিরোধী চিনের প্রসঙ্গও আনেন কমল হাসান। চিনের প্রাচীর কয়েকশো শতাব্দীর পুরোনও। বহু মানুষ চেয়েছিলেন সেই প্রাচীর ভেঙে দিতে। কিন্তু শি জিনপিংয়ের দেশ জানায় যে এই প্রাচীর মানুষের সুরক্ষা দিতে তৈরি। একটি টুইটে কমল হাসান বলেন, 'করোনা অতিমারির জেরে বহু মানুষের জীবন বিপন্ন হয়েছে, অভুক্ত রয়েছে অর্ধেক দেশ। সেই আবহে কাকে রক্ষা করতে এই নতুন সংসদ ভবন ১ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে?'

দক্ষিণ তামিলনাড়ুর মাদুরাই থেকে বিধানসভা নির্বাচনের প্রচারের প্রথম পর্ব শুরু করার কয়েক ঘন্টা আগে এই টুইট করে কমল হাসান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীকে এর উত্তর দিতে হবে। ২০২১-এর এপ্রিল-মে মাসে তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১০ ডিসেম্বর নতুন সংসদ ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। নতুন এই সংসদ ভবন তৈরির কাজ ২০২২ সালের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.