ভুয়ো খবর ছড়াতে সেরা প্রতিবেশী দেশ! পাকিস্তানকে তুলোধনা ভারতের


Odd বাংলা ডেস্ক:
ভারত নাকি ভুয়ো তথ্য ছড়াচ্ছে, এমনটাই অভিযোগ ছিল পাকিস্তানের। তবে এবার সেই অভিযোগকে উড়িয়ে পাকিস্তানকে পালটা আক্রমণ ভারতের। ভারতের দাবি, ভুয়ো খবর ছড়াতে সেরা পাকিস্তান! এর আগে পাক প্রধানমন্ত্রী ইমরান খান ভুয়ো সংবাদ সংস্থার সাহায্য নিয়ে মিথ্যে খবর ছড়ানোর অভিযোগ এনেছিলেন ভারতের বিরুদ্ধে। এই নিয়ে ইউরোপীয় ইউনিয়নের ভুয়ো তথ্য সংক্রান্ত এক গবেষণার রিপোর্ট তুলে ধরে দিল্লিকে তুলোধনা করেন ইমরান।

একই অভিযোগ করেছিলেন পাক বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিও। সমস্ত অভিযোগ শুক্রবার উড়িয়ে দিলেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব। দিন কয়েক আগেই পাক মিডিয়ার তরফে দাবি করা হয়েছিল, ভারত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে আক্রমণ চালাতে পারে। এদিন সে প্রসঙ্গে অনুরাগ বলেন, এই ধরনের প্রোপাগান্ডা নিয়ে কথা বলার অর্থ, তাঁকে অহেতুক গুরুত্ব প্রদান করা।

বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তবের সাফ কথা, ভুয়ো তথ্য ছড়ানোর কাজ তারাই করে যারা ওসামা বিন লাদেনকে লুকিয়ে রাখে, ২৬/১১ মুম্বই হামলার চক্রান্তকারী হিসেবে নিজেদের ভূমিকা সকলের থেকে আড়াল করতে চায়। প্রসঙ্গত, সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগেই এফএটিএফ(FATF)-এর ধূসর তালিকায় যেতে হয়েছে ইসলামাবাদকে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.