নরেন্দ্র মোদীর ডাকে সাড়া দিয়ে ২০২১-এর প্রজাতন্ত্র দিবসে ভারতে আসছেন বরিস জনসন
Odd বাংলা ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে সাড়া দিয়ে ভারত সফর আসছেন বিট্রিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ২০২১-এর জানুয়ারিতে ভারত সফরের কথা রয়েছে জনসনের। প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম ভারত সফরে আসবেন বরিস জনসন। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রণ গ্রহণ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।
প্রসঙ্গত, ১৯৯৩ সালে তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী জন মেজর প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এই নিয়ে দ্বিতীয় কোনও ব্রিটিশ প্রধানমন্ত্রী ভারতে আসবেন প্রজাতন্ত্র দিবসে। প্রধানমন্ত্রী বরিস জনসন এক বিবৃতিতে আমন্ত্রণ জানানোয় সন্তোষ প্রকাশ করেন এবং এই সফরের মাধ্যমে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হবে বলে আশা করছেন।
ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে বরিস জনসনের উপস্থিতিতে ভারত-যুক্তরাজ্য সম্পর্কের নতুন পর্যায়ের প্রতীক হয়ে উঠবে। নির্ধারিত ওই সফরে তিনি দুই দেশের মধ্যেকার বাণিজ্য, বিনিয়োগ এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলা নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে।
এর আগে, জানুয়ারিতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে আসার পর থেকেই বরিস জনসন বলে এসেছিলেন যে, তিনি নতুন নতুন দেশের সঙ্গে দ্বি-পাক্ষিক সম্পর্ক জোরদার করতে আগ্রহী। তবে করোনাভাইরাস মহামারির কারণে তার সেই উদ্যোগ কিছুটা বিলম্বিত হয়েছে।





Post a Comment