আবার চিনের দখলদারি, অরুণাচলের বিতর্কিত অঞ্চলে গ্রাম বানিয়েছে
Odd বাংলা ডেস্ক: অরুণাচল প্রদেশের বিতর্কিত অঞ্চলে একেবারে গ্রাম তৈরি করে ফেলেছে চিন। উপগ্রহ চিত্রে এই তথ্যটি সামনে আসার পর সতর্ক প্রতিক্রিয়া দিল ভারত। বিদেশমন্ত্রকের তরফ থেকে বলা হয়েছে জাতীয় সুরক্ষা সংক্রান্ত সমস্ত ঘটনার ওপর নজর রাখা হয় ও দেশের সার্বভৌমত্য বজায় রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়।
বিদেশমন্ত্রক জানায় যে ভারতও সীমান্তে রাস্তা ও ব্রিজ নির্মাণের কাজের গতি বাড়িয়ে দিয়েছে। মূলত সীমান্তবর্তী এলাকায় চিন যেরকম নির্মাণ করছে, তার প্রত্যুত্তরেই ভারত এই কাজ করছে বলে জানায় বিদেশমন্ত্রক। অরুণাচল প্রদেশে ভারতের সীমান্তের সাড়ে চার কিলোমিটারের ভিতর চিন একটি নতুন গ্রাম তৈরি করেছে। সেখানে আছে ১০১টি বাড়ি। মার্কিন সংস্থা প্ল্যানেট ল্যাবসের থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এই খবর জানায় এনডিটিভি।
এই গ্রামটি আপার সুবানসিড়ি জেলায় স্থিত সারি চু নদীর তীরে অবস্থিত। এটি প্রকৃত নিয়ন্ত্রণ রেখার লাগোয়া। এই অঞ্চল থেকেই পাঁচ ভারতীয়কে গত সেপ্টেম্বরে চিনা সেনা আটক করেছিল। বিগত ১৫ মাসে এই গ্রামটি নির্মাণ করা হয়েছে। কারণ ২০১৯ সালের অগস্ট মাসেও ওই স্থানে কোনও গ্রাম ছিল না। সেখানে এখন ছোটো মেজো অনেকগুলি বাড়ি ও সঙ্গে রাস্তা তৈরি হয়েছে।





Post a Comment