৩ দিনেই রেকর্ড গড়ল রামমন্দির! ট্রাস্টে অনুদান পড়ল ১০০ কোটি টাকা, ৫ লক্ষ দিলেন রাষ্ট্রপতি


Odd বাংলা ডেস্ক: মাত্র তিনদিনেই রেকর্ড। রাম মন্দির ট্রাস্টে মাত্র ৩ দিনেই জমা পড়ল ১০০ কোটি টাকা অনুদান। অনুদান কর্মসূচি নিয়ে রবিবার শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই জানান, তিনদিনের মধ্যে প্রায় ১০০ কোটি টাকার অনুদান সংগ্রহ হয়েছে। গত ১৫ জানুয়ারি থেকে অনুদান সংগ্রহের এই কর্মসূচি শুরু হয়েছে, যা চলবে আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত।

প্রসঙ্গত, গত বছর সুপ্রিম কোর্টের রায়ের পরই অযোধ্যার বিতর্কিত জমিতে রাম মন্দির তৈরির তোড়জোড় শুরু হয়। নভেম্বর মাসেই তৈরি করা হয় রামমন্দির তীর্থক্ষেত্র ট্রাস্ট। এছাড়াও শীর্ষ আদালতের নির্দেশে গঠিত কমিটির তরফে রামলালার মন্দির নির্মাণের জন্য দেশজুড়ে অনুদান কর্মসূচির ঘোষণা করা হয়। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে চম্পত রাই বলেন, ‘উচ্চমহলে এখনও অনুদান সংক্রান্ত সমস্ত তথ্য জমা পড়েনি। তবে আমাদের কার্যকর্তারা জানিয়েছেন, পবিত্র এই মন্দির নির্মাণের জন্য ইতিমধ্যেই ১০০ কোটি টাকা অনুদান দিয়েছে মানুষ।’

প্রসঙ্গত, অযোধ্যায় রাম মন্দির গঠনে ৫ লক্ষ টাকা অনুদান দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ধর্মনিরপেক্ষ দেশের রাষ্ট্রপতি হিসেবে হিন্দু মন্দিরে তাঁরা অর্থ সাহায্য নিয়ে এরপর থেকেই তৈরি হয় বিতর্ক। এ প্রসঙ্গে চম্পত রাই বলেন, ‘তিনিও (রাষ্ট্রপতি) একজন ভারতীয় এবং প্রতিটি ভারতীয়ের হৃদয়ে বসবাস করে শ্রীরাম। সুতরাং যাদেরই আর্থিক সামর্থ্য রয়েছে, তাঁরা সাধ্যমতো অনুদান দিতে পারেন। এতে কোনও ভুল নেই।’ 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.