অফিসে কেউ করোনা আক্রান্ত হলে বন্ধের প্রয়োজন নেই, স্যানিটাইজ করে পুনরায় চলতে পারে কাজ:কেন্দ্র


Odd বাংলা ডেস্ক: অফিসে যদি কোনও কর্মী করোনা পজিটিভ হন, তবে অনির্দিষ্টকালের জন্য অফিস বন্ধ করে দেওয়ার প্রয়োজন নেই। স্যানিটাইজেশনের পরে চালু করা যেতে পারে সেই অফিস। সেই অফিস আপাতত সিল করার প্রয়োজন নেই বলেও জানানো হয়েছে নির্দেশিকায়।সোমবার নয়া নির্দেশিকা প্রকাশ করে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। 

মন্ত্রক আরও জানিয়েছে কোনও একজন বা দুজন কর্মী করোনা আক্রান্ত হলে সেই রোগী অফিসের কোথায় কোথায় গিয়ে কাজ করেছেন, তা চিহ্নিত করতে হবে। তারপর সঠিক পদ্ধতিতে চলবে স্যানিটাইজেশনের কাজ। তবে ওই ব্যক্তি অফিসের কার কার সংস্পর্শে এসেছেন, তাদের করোনা পরীক্ষার ব্যবস্থা করা বাঞ্ছনীয়। তবে স্যানিটাইজেশনের পরেই চালু করা যেতে পারে অফিস, সেক্ষেত্রে কোনও সমস্যা হবে না।

তবে এই নিয়ম প্রযোজ্য হবে কেবল কনটেনমেন্ট জোনের বাইরে। কনটেনমেন্ট জোনের মধ্যে মেডিক্যাল ও অত্যাবশ্যকীয় পণ্য পরিষেবা ছাড়া বাকি সব বন্ধ থাকবে। অফিস খোলা হলে কর্মীদের সব রকম করোনা সতর্কতামূলক নিয়ম মেনে চলতে হবে। দূরত্ব বজায় রাখা, স্যানিটাইজারের ব্যবহার, বারবার হাত ধোওয়া, মাস্ক ব্যবহার করার মতো নিয়ম মেনে চলতে হবে। অফিসে রাখতে হবে থার্মাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা।
 
স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে অফিসের যে কোনও মিটিং ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারতে হবে। কোনও অতিথির শরীরের তাপমাত্রা পরীক্ষা করে অফিসে প্রবেশের অনুমতি দেওয়া যেতে পারে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.