বন্ধ ক্লাস ঘরে পড়ে আছে কঙ্কাল, কলেজ খুলতেই চাঞ্চল্য
Odd বাংলা ডেস্ক: রহস্য ঘনাল বারাণসীর কলেজে। করোনাকালে দীর্ঘ সময়ে বন্ধই ছিল সেই কলেজ। তবে করোনাকালে প্রশাসন একে ব্যবহার করেছিল আশ্রয়স্থল হিসেবে। এবার সেই কলেজেরই ক্লাসরুমে মিলল এক কঙ্কাল।আচমকাই তা খুঁজে পাওয়ার পর থেকেই কঙ্কাল রহস্য ঘিরে তোলপাড়। তদন্ত শুরু করেছে পুলিশ।
বন্ধ কলেজে কোথা থেকে কঙ্কাল এল, এখনও এই রহস্যের কোনও কুলকিনারা করে উঠতে পারেনি পুলিশ। ঘটনাস্থলে পৌঁছেছে ফরেনসিক বিশেষজ্ঞের দলও। তারা নমুনা সংগ্রহও করেছে। এখন দেখার, সেখান থেকে কোনও সমাধানসূত্র মেলে কিনা। জানা গিয়েছে, করোনাকালে কলেজ বন্ধ থাকার সময় স্থানীয় প্রশাসন এটিকে আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করেছিল। সেই সময় দরিদ্র, গৃহহীন, বিশেষ চাহিদাসম্পন্নদের থাকার ব্যবস্থা হয়েছিল এখানে। কঙ্কালটি তাঁদেরই কারও মৃতদেহের কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি এর সঙ্গে অন্য কোনও চক্রান্তেরও যোগ রয়েছে কিনা দেখা হচ্ছে সেটাও।





Post a Comment