তিলোত্তমার মুখ ভার, যেকোনও মুহূর্তে নামতে পারে ঝাপিয়ে বৃষ্টি

Odd বাংলা ডেস্ক: সকাল থেকেই ভার শহর কলকাতার আকাশ। যে কোনও মুহূর্তে নামতে পারে বৃষ্টি,জানাল আলিপুর আবহাওয়া দফতর।শনিবার শহর মেঘাচ্ছন্ন থাকবে,পাশাপাশি এক থেকে দু'পশলা বৃষ্টির সাক্ষী হতে পারে কলকাতা। পাশাপাশি বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। আর সেই কারণেই আগে থেকে সাবধানতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে মৌসম বিভাগের তরফ থেকে। 

উল্লেখ্য, এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রির কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা থাকার কথা ২৬ ডিগ্রি। আগামীকাল অর্থাৎ রবিবারও তাপমাত্রায় বিশেষ কোনও হেরফের হবে না, সে কথা স্পষ্ট জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। তবে যে কোনও মুহূর্তে ঝেঁপে নামতে পারে প্রাক বর্ষার বৃষ্টি, সে ইঙ্গিতও দেওয়া হয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, নিম্নচাপের হাত ধরেই দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ ঘটবে। আজ বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। হাওয়া অফিস সূত্রে খবর, কলকাতা ছাড়াও দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, দুই বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। শনিবার দুই মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। রবিবার পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.