Odd বাংলা ডেস্ক : সামনেই আসছে তৃণমূলের শহিদ দিবস অর্থাৎ ২১ শে জুলাই। আর ২১ শে জুলাই থেকেই বদলে যাবে আবহাওয়া। রাজনৈতিক আবহাওয়া বদলাবে কিনা তা সময়ই বলবে তবে প্রাকৃতিক আবহাওয়ায় বদল আসছে। ২১ শে জুলাই থেকেই দুর্যোগের পরিবেশ তৈরি হবে রাজ্যে। আগাম পূর্বাভাস দিয়ে রাখছে আলিপুর আবহাওয়া দপ্তর। ২১ শে জুলাই বঙ্গোপসাগরে তৈরি হবে গভীর নিম্নচাপ। গভীর নিম্নচাপ তৈরি হওয়ার ফলে সপ্তাহের মাঝামাঝি থেকেই প্রবল বৃষ্টিপাতে ভাসবে বাংলা। তবে এই নিম্নচাপের প্রভাব শুধু বঙ্গেই নয় প্রতিবেশী রাজ্য ওড়িশাতেও ভারী বর্ষণের পূর্বাভাস দিয়ে রাখছে হাওয়া অফিস।
ওড়িশা লাগোয়া পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টিপাত হবে বলেই জানাচ্ছে আবহাওয়াবিদরা। আবহাওয়াবিদদের কথায়, মৌসুমী অক্ষরেখা বিহার থেকে উত্তরবঙ্গ হয়ে নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত। যার জেরে উত্তরবঙ্গ সিকিম এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে হতে পারে ভারী বৃষ্টিপাত। হাওয়া অফিসের আধিকারিকদের মতে, ২১ জুলাই উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ। বাংলা, বিহার, ওড়িশা, ঝাড়খণ্ডে আগামী সপ্তাহের মাঝামাঝি থেকেই বাড়বে বৃষ্টিপাত। বুধ, বৃহস্পতি ও শুক্রবার ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতে ভাসবে পূর্ব ও মধ্য ভারতের রাজ্যগুলি। আবহাওয়াবিদদের মতে, আজ সকাল থেকেই শহর কলকাতার আকাশ রয়েছে মেঘলা। বাতাসে বেশ কিছুটা জলীয় বাষ্প বেশি রয়েছে। যার জেরে আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে। গরমে ভোগান্তি বাড়ছে সাধারণ মানুষের।
হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাত হওয়ার সম্ভাবনা থাকছে। গত ২৪ ঘণ্টায় শহর কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে। তবে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় গরম রয়েছেই। বৃষ্টি হলেও কমছে না গরম। উত্তরবঙ্গের জেলাগুলিতে সকাল থেকেই আকাশ রয়েছে মেঘলা। আগামী কয়েক ঘণ্টার মধ্যেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়ে যাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টিপাত চলবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ির বিভিন্ন জায়গায় অতিভারী বৃষ্টিপাত এবং বজ্রপাত হওয়ার সম্ভাবনা থাকছে। মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে আর কয়েক ঘণ্টার মধ্যেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়ে যাবে।





Post a Comment