সুখবর, এবার RT-PCR রিপোর্ট না থাকলেও যেতে পারবেন দীঘা কিংবা দার্জিলিং
Odd বাংলা ডেস্ক: তারাপীঠ, দিঘা, বকখালি থেকে শুরু করে উত্তরবঙ্গের বিভিন্ন পর্যটন কেন্দ্রে প্রবেশের জন্য পর্যটকদের করোনার আরটিপিসিআর নেগেটিভ রিপোর্ট দেখাতে হচ্ছিল৷ সংক্রমণ রুখতে মূলত স্থানীয় প্রশাসনের উদ্যোগেই এই নির্দেশিকাগুলি জারি করা হয়েছিল। তবে অবশেষে সুখবর৷ এবার আর আরটিপিসিআর নয়, এখন থেকে করোনার র্যাপিড অ্যান্টিজেন টেস্টের রিপোর্ট নেগেটিভ হলেই রাজ্যের যে কোনও পর্যটন কেন্দ্রে প্রবেশ করা যাবে৷ এমনই নির্দেশিকা জারি করেছে রাজ্য পর্যটন দফতর৷ সমস্ত জেলাশাসকদের চিঠি দিয়ে এই নির্দেশের কথা জানিয়ে দিয়েছেন পর্যটন সচিব নন্দিনী মুখোপাধ্যায়৷
জানা গিয়েছে, আরটিপিসিার টেস্টের খরচ এবং ঝক্কি এড়াতে বহু পর্যটকই বেড়াতে যাওয়ার পরিকল্পনা বাতিল করছিলেন৷ ফলে লকডাউনের ধাক্কায় বিপর্যস্ত পর্যটন ব্যবসায়ী এবং হোটেল, লজ মালিকদের ক্ষতি আরও বাড়ছিল৷ পর্যটন এবং হোটেল মালিকরাই তাই দাবি করেছিলেন, র্যাপিড অ্যান্টিজেন টেস্টের ভিত্তিতেই পর্যটকদের আসার অনুমতি দেওয়া হোক৷ কারণ সেই রিপোর্ট ততক্ষণাৎ পাওয়া যায় এবং খরচও অনেক কম৷ মূলত পর্যটন ব্যবসায়ীদের এই দাবিকে মাথায় রেখেই কড়াকড়ি কিছুটা শিথিল করল রাজ্য পর্যটন দফতর৷ পর্যটন সচিবের পাঠানো চিঠিতেই বলা হয়েছে, পর্যটন ব্যবসাকে ঘুরে দাঁড় করাতেই এই নির্দেশিকা দেওয়া হচ্ছে৷





Post a Comment