IPS অফিসার সেজে আর্থিক প্রতারণার অভিযোগ! পুলিশের জালে ভুয়ো আধিকারিক


Odd বাংলা ডেস্ক: ফের কলকাতা পুলিশের জালে ধরা পড়ল এক ভুয়ো আইপিএস অফিসার। বালি থেকে কলকাতা পুলিশের হাতে গ্রেফতার অঙ্কিত কুমার সিং নামে ওই ভুয়ো আইপিএস অফিসার। শুক্রবার ধৃতকে আদালতে পেশ করবে পুলিশ। নিজেদের হেফাজতে নিয়ে ধৃতকে জিজ্ঞাসাবাদের ভাবনা তদন্তকারীদের।
 
পুলিশ সূত্রে খবর, অঙ্কিত সিং নিজেকে সাইবার ক্রাইম (Cyber Crime) থানার আধিকারিক বলে পরিচয় দিত। এও দাবি করত টাকার বিনিময়ে সাইবার ক্রাইমে দায়ের হওয়া মামলার নিষ্পত্তি করে দিতে পারে সে। কারও থেকে ২০ হাজার আবার কারও থেকে এক লক্ষ টাকাও দাবি করত অঙ্কিত। টাকা দিতে রাজি না হলে হুমকিও দিত সে। 

আরও জানা গিয়েছে, কলকাতা পুলিশের লোগো ব্যবহার করেই প্রতারণা চালিয়ে যাচ্ছিল ওই যুবক। দীর্ঘদিন ধরে অঙ্কিতের বিরুদ্ধে একাধিক অভিযোগ কলকাতা পুলিশের কাছে জমা পড়ে। সেই অনুযায়ী পুলিশ তার গতিবিধির উপর নজর রেখেছিল। এদিকে, অঙ্কিত আগেই আঁচ করেছিল সে পুলিশের জালে ধরা পড়তে পারে। 

পুলিশ সূত্রে খবর, একাধিকবার নিজের মোবাইল নম্বর বদল করে অঙ্কিত। তবে তাতেও শেষরক্ষা হল না। পরিবর্তে হাওড়ার বালি থেকে তাকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। ধৃতকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হবে। তাকে নিজের হেফাজতে নিয়ে জেরার পরই প্রতারণার বিষয়টি আরও স্পষ্ট হবে বলেই মনে করছেন তদন্তকারীরা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.