ভ্যাকসিনের দুটি ডোজের শংসাপত্রই এবার দুর্গাপুজোর ভিআইপি পাস


Odd বাংলা ডেস্ক: পুজোর মুখে ক্যাচলাইন বা স্লোগান তৈরিতে জোর প্রস্তুতি নিচ্ছে পুজো কমিটিগুলি।দুর্গাপুজোয় ডাবল ডোজ হয়ে যাক' নাকি 'ভিআইপি হতে দু'ডোজ চাই!' ক্যাচলাইন ঠিক কোনটা হলে দর্শকদের নজর বেশি টানবে, সেই বিষয়ে ভাবনাচিন্তা করছেন একাধিক পুজো কমিটির কর্তারা। আবার কেউ কেউ ইতিমধ্যেই ভেবে ফেলেছেন নিজেদের স্লোগান। সেটা প্রকাশ করার জন্য নির্দিষ্ট দিনক্ষণের অপেক্ষায় রয়েছেন তাঁরা। আসলে এ বার বহু পুজো কমিটির পরিকল্পনা হল, করোনা টিকার ডাবল ডোজ নিয়ে দর্শকরা যাতে বাইরে বেরোন, তেমনই প্রচার চালাতে চান তাঁরা। 

দুর্গাপুজোয় ভিড় হলেও সংক্রমণের ঝুঁকি যথাসম্ভব কমানোর কথা ভেবে বিশেষ পরিকল্পনা করছেন বেশ কয়েকটি পুজো কমিটি। সেই পরিকল্পনা সফল করতে কলকাতার উত্তর থেকে দক্ষিণ, বিভিন্ন সর্বজনীন পুজোর উদ্যোক্তারা নিজেদের কমিটির ফেসবুক পেজ এবং পুজোর ওয়েব পেজে দর্শকদের টিকার দু'টো ডোজ নেওয়ার উপর জোর দিচ্ছেন।

পুজোমণ্ডপে অষ্টপ্রহর থাকবেন যেসমস্ত স্বেচ্ছাসেবকরা, তাঁদের জন্যেও করোনা টিকার দু'টো ডোজ বাধ্যতামূলক। এর পাশাপাশি, যে দর্শকরা পুজো দেখতে আসবেন, তাঁরাও যাতে দু'ডোজ টিকা নিয়ে আসেন, সেই বিষয়টা নিশ্চিত করতে চাইছেন অনেক পুজো কমিটি। 
কাশী বোস লেন দুর্গাপুজো কমিটির উদ্যোক্তারা প্রথমে ঠিক করেছিলেন, দর্শক সামলানোর দায়িত্বে যাঁরা থাকবেন, তাঁদের জন্য পাড়াতেই আইসোলেশন ওয়ার্ডের ব্যবস্থা করা হবে। কিন্তু সেখানেই না-থেমে ওই পুজো কমিটির তরফে সৌমেন দত্ত জানান, 'দর্শকরা যাতে টিকার দু'টি ডোজই নেন, সেই জন্য আমাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে আবেদন করা হবে। সাধারণত পুজোয় একটা ভিআইপি গেট থাকে। আমাদের পরিকল্পনা, যাঁদের দু'ডোজ টিকা নেওয়া হয়েছে, তাঁরা সবাই এবার ভিআইপি হিসেবে গণ্য হবেন।'

সন্তোষপুর লেকপল্লি পুজো কমিটির সোমনাথ দাস বলছেন, 'করোনা বিধির কথা মাথায় রেখেই মণ্ডপের পরিকল্পনা করা হয়েছে। কিন্তু এর পাশাপাশি, আমরা সচেতনতা বাড়াতে প্রচার চালাচ্ছি টিকার ডাবল ডোজ নেওয়ার জন্যও। দর্শকদের কাছে আমাদের আবেদন থাকবে, যাতে তাঁরা ভ্যাকসিনেশন সার্টিফিকেট সঙ্গে রাখেন। এই শংসাপত্র মোবাইল ফোনেই থাকে। কাজেই বয়ে বেড়ানোর সমস্যা নেই।' চেতলা অগ্রণীর উদ্যোক্তাদেরও পরিকল্পনা হলো, সচেতনতা বাড়াতে দর্শকদের সঙ্গে ভ্যাকসিনেশনের শংসাপত্র রাখার জন্য প্রচার চালানো।

চেতলা অগ্রণী পুজো কমিটির আহ্বায়ক সমীর ঘোষ বলছেন, 'আমাদের ক্যাচলাইন প্রকাশ করা হবে মহালয়ায়। সঙ্কটকালে সংক্রমণ রুখতে সম্ভাব্য সব রকম উপায়ই আমরা অবলম্বন করব।' সমাজসেবী সঙ্ঘের তরফে অরিজিৎ মৈত্রর বক্তব্য, 'আমাদের কমিটির সদস্যদের সবার ভ্যাকসিনের ডাবল ডোজ নেওয়া আছে। দর্শকদেরও তেমনটা থাকলে গোটা পুজো নিরাপদ হয়। আমরা সেই জন্যই প্রচার করছি, দর্শকরা যেন টিকার দু'টো ডোজ নিয়ে প্রতিমা দর্শনে বেরোন। টিকার দু'টো ডোজ নেওয়া আছে, এমন দর্শকরাই আমাদের কাছে ভিআইপি।'

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.