এখনই ভাল আবহওয়ার মুখ দেখবে না বাংলার মানুষ

Odd বাংলা ডেস্ক : সারা সপ্তাহ জুড়েই বঙ্গে চলবে বৃষ্টি। জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। সেই সঙ্গে আগামী বুধবার পর্যন্ত বেশ কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সোমবার, সারা দিন ধরে বৃষ্টির জেরে এখনও কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা জলমগ্ন হয়ে রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর অবস্থান করছে ঘূর্ণাবর্ত। কলকাতার উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা। যার ফলে কলকাতা সহ দক্ষিণের বেশ কিছু জেলায় থাকবে মেঘলা আকাশ। চলছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। আরও ৩টি নিম্নচাপের সৃষ্টি হয়েছে। যার ফলে আগামী এক সপ্তাহ ধরেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় চলবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত। কোনও জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। 

ক্রমাগত বৃষ্টির ফলে নদীর জলস্তর বাড়ছে। যে কারণে নদীর তীরবর্তী এলাকা গুলিতে সতর্কতা জারি করা হয়েছে। সমুদ্রে জলোচ্ছাসের পূর্বাভাস দেওয়া হয়েছে। যে কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। গত এক দিন ধরে টানা বৃষ্টির জেরে মঙ্গলবারে তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৭ ডিগ্রি কম। বাতাসে আদ্রতার পরিমাণ ৯৫%।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.