বিশ্ব চিটার নটবরলাল: তাজমহল বেচে দিয়েছিলেন ৩বার!
ODD বাংলা ডেস্ক: কখনও কেউ আপনাকে তাজমহল কিনতে বলেছে? অবাক হওয়ার কিছু নেই। এ দেশেই ছিলেন এমন এক ব্যক্তি, যিনি বেচে দিয়েছিলেন তাজমহল! একবার নয়, তিন তিন বার!
ইতিহাসের বিখ্যাত সেই প্রতারককে নিয়ে ভারতে সিনেমাও তৈরী হয়েছিল। অমিতাভ বচ্চন অভিনীত ছবিটির নাম ‘মিস্টার নটবরলাল’।
বিহারের সিবান জেলার বাংরা গ্রামে জন্ম সেই এই নটবরলালের। পেশায় আইনজীবী ছিলেন তিনি। আসল নাম মিথিলেশ কুমার। পরে মানুষকে প্রতারণার কাজটাই পেশা হিসেবে নিয়েছিলেন। নানারকম ফাঁদে ফেলে মানুষের কাছ থেকে টাকা নেওয়াটাই হয়ে ওঠে তার নেশা। বাদ যাননি টাটা, বিড়লা, অম্বানি, মিত্তলও। বড় বড় সব শিল্পপতিদেরও অনায়াসে ঠকিয়েছেন তিনি। সেখানেই শেষ নয়, অন্য যে কারও সই নকল করায় তিনি ছিলেন ওস্তাদ।
মজার ব্যপার হলো, একের পর এক ঐতিহাসিক মিনার বিক্রি করে দিয়েছিলেন তিনি সাফল্যের সঙ্গে। তাজমহল, রেড ফোর্ট, রাষ্ট্রপতি ভবন এমনকি ৫৪৫ জন সদস্যসহ বেচে দিয়েছিলেন দেশের সংসদ ভবনও। তার এই প্রতারণার পন্থা পরে অনেককেই উৎসাহিত করেছে।
১০০-রও বেশি মামলায় অভিযুক্ত ছিলেন নটবরলাল। দেশের আটটি রাজ্যে পুলিশের খাতায় নাম ছিল তার। সব মিলিয়ে ১১৩ বছরের জেল হয়েছিল। কিন্তু, তিনি সর্বসাকুল্যে মোট ২০ বছর জেল খাটেন। যতবারই তাকে গ্রেফতার করা হত, ততবারই পালিয়ে যেতেন তিনি। একবার তো পুলিশের পোশাক চুরি করে, তা পরিধান করে সদর্পে হেঁটে জেল থেকে বেরিয়ে গিয়েছিলেন তিনি।
১৯৯৬ সালে শেষবার তাকে গ্রেফতার করা হয়। তখন তার বয়স ৮৪ বছর। অসুস্থ থাকায় তাকে যখন জেল থেকে বের করে নিয়ে আসা হচ্ছিল সেইসময় স্টেশন থেকে উধাও হয়ে যান তিনি। আর তাকে দেখা যায়নি। তার মৃত্যুও রয়ে গিয়েছে রহস্যেই। তার আইনজীবীর মতে তাঁর মৃত্যু হয় ২০০৯ সালের ২৫ জুলাই আবার তাঁর ভাই বলেন ১৯৯৬ তে রাঁচিতে তার মৃত্যু হয়েছে।





Post a Comment