চুরি হয়েছে পেনসিল, সহপাঠির বিরুদ্ধে মামলা করতে থানায় হাজির ক্ষুদে
ODD বাংলা ডেস্ক: প্রতিদিন হাজারো অভিযোগ নিয়ে মামলা কিংবা সাধারণ ডায়েরি করতে থানায় আসে মানুষ। তবে এবার ভিন্ন এক অভিযোগ নিয়ে প্রাইমারি স্কুলের কয়েকজন ক্ষুদে শিক্ষার্থী থানায় এসেছে। আর তাতে অবাক পুলিশ সদস্যরা।
তাদের দাবি, পেনসিল চুরির অভিযোগ নিতে হবে এক সহপাঠির বিরুদ্ধে। সবকিছু শুনে হতবাক পুলিশকর্মীরাও। ঘটনাটি অন্ধ্রপ্রদেশের কুর্নল জেলায়। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, তাতেই ঐ ক্ষুদে পড়ুয়াদের থানায় নালিশ ঠুকতে দেখা গিয়েছে।
জানা গিয়েছে, অন্ধ্রপ্রদেশের কুর্নল জেলার পেডাকাদুবুরু থানায় আচমকাই হাজির হয় একদল প্রাইমারি স্কুলের পড়ুয়া। তাদের মধ্যে একজন অভিযোগ করতে শুরু করে তার এক সহপাঠি তার পেনসিল ছিনিয়ে নিয়েছে, আর ফেরত দিচ্ছে না। তাই তাকে ধরতে হবে। এমনকি পুলিশকাকুদের তার সমস্যার সমাধান করতেও অনুরোধ জানায় ঐ প্রাইমারি স্কুলছাত্ররা।
অন্ধ্রপ্রদেশ পুলিশের অফিসিয়াল টুইটার হ্যান্ডলে এই ঘটনার ভিডিও শেয়ার করে লেখা হয়েছে, প্রাইমারি স্কুলের পড়ুয়ারাও অন্ধ্রপ্রদেশ পুলিশকে বিশ্বাস করে। অন্ধ্রপ্রদেশের জনগণকে আস্থা ও আশ্বাস দেওয়ার উপায়ে অন্ধ্রপ্রদেশ পুলিশের মনোভাব, আচরণ এবং সংবেদনশীলতায় একটি নমুনা এটি।
এই ভিডিও শেয়ার হতেই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। আর ঐ ক্ষুদেদের আর্জি শুনে হেসেই খুন নেটিজেনরা। বিশেষ করে কর্তব্যরত এক পুলিশ আধিকারিক যখন ঐ ক্ষুদেকে জিজ্ঞেস করেন যে এখন কী করতে হবে? তখন ঐ ক্ষুদে পড়ুয়া বলে ঐ সহপাঠির বিরুদ্ধে কেস দাখিল করে তার পেনসিল ফিরিয়ে দিতে হবে। তখন তার পেছনে দাঁড়ানো বাকি পড়ুয়াদের হাসতে দেখা যায় ঐ ভিডিওতে।





Post a Comment